অবরোধের আগুন ছড়াচ্ছে গ্রামাঞ্চলে
১৮-দলীয় জোটের ডাকা অবরোধের উত্তাপ রাজশাহীতে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। শহর এলাকায় জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক থাকলেও গ্রামাঞ্চলে অচলাবস্থা দেখা দিয়েছে। এবারও অবরোধ শুরুর আগেই রাজশাহীর চারঘাটে একটি ফলবাহী ট্রাক ও পবায় একটি ধানের ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, বিভিন্ন উপজেলার রাস্তাঘাটে ভারী যানবাহন চলাচল করেনি। জরুরি প্রয়োজনে মানুষ ভ্যানে করে যাতায়াত করছে। এতে অসুস্থ রোগী ও কৃষিপণ্য নিয়ে লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে জেলার চারঘাটে এই অবরোধকারীরা সবচেয়ে বেপরোয়া হয়ে উঠেছেন। সেখানে নাশকতার ঘটনাও ঘটছে বেশি।
স্থানীয় লোকজন আরও জানান, টানা অবরোধ ও হরতালে রাজশাহী শহরে জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক রয়েছে। ছোট যানবাহন নিয়মিতই চলাচল করছে। বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুতই তা নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। তবে গ্রামাঞ্চলে নাশকতার ঘটনা বেশি ঘটছে। সর্বশেষ গত শুক্রবার রাত ১২টার দিকে জেলার চারঘাট উপজেলার খুদির বটতলা এলাকায় একটি ফলের ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাকটি সোনামসজিদ স্থলবন্দর থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল।
পুলিশ জানায়, ১০-১২ জন যুবক ট্রাক লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে চালক গাড়ির গতি কমান। এ সময় দুর্বৃত্তরা ট্রাকে আগুন লাগিয়ে দেয়।
চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফারুক আহাম্মেদ বলেন, তাঁরা রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চারঘাট থানার ওসি খন্দকার গোলাম মর্তুজা বলেন, ট্রাকের চালক নিজাম উদ্দিন বাদী হয়ে চারঘাট থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় পুলিশ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রানাকে গ্রেপ্তার করেছে। একই সময়ে রাজশাহীর পবা উপজেলার মাহেন্দ্র এলাকায় একটি ধানবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রাকটি নওগাঁ থেকে কুষ্টিয়ার পোড়াদহ এলাকায় যাচ্ছিল।
ওই ট্রাকের চালক আলাল উদ্দিন বলেন, সকাল ছয়টা থেকে অবরোধ শুরু হবে—এই ভেবে তিনি রাতেই রওনা হন। পরে মাহেন্দ্র এলাকায় অবরোধকারীরা গাড়িতে গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় গাড়ি থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মরক্ষা করেন। এ ব্যাপারে তিনি গতকাল শনিবার সকালে রাজশাহী নগরের মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে গতকাল জেলার চারঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ভ্যান ছাড়া কোথাও কোনো যানবাহন চলাচল করছে না। এ সময় চারঘাটের ডাকরা গ্রাম থেকে আলাউদ্দিনকে তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে ভ্যানে করে ১৩ কিলোমিটার দূরে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে দেখা যায়। আলাউদ্দিন বলেন, মোটরসাইকেলে আগুন গিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এ জন্য মোটরসাইকেলে নিতে পারেননি। ধীরে ধীরে ভ্যানেই যেতে হচ্ছে। এখন হাসপাতালে যেতে যেতে কী হয়, তা আল্লাহই জানেন!
রাজশাহী শহরের প্রবেশমুখ পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অবরোধকারীরা গত বৃহস্পতিবার পার্টিকেল বোর্ড কোম্পানির চলন্ত কাভার্ড ভ্যানে ভাঙচুর করে চালককে মারধর করেন।
জেলার অন্যান্য উপজেলায়ও খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে রিকশাভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
পবার সবজিচাষি আবু হেনা বলেন, তিনি এবার টমেটো ও কপি চাষ করেছেন। অবরোধে গাড়ি না পাওয়ার কারণে তাঁর খেতের সবজি খেতেই পচতে শুরু করেছে।