অবরোধের আতঙ্কে আগেভাগে আলু তুলছেন চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলুচাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে তাঁদের আলুখেতেও। অবরোধের কারণে প্রতিদিনই আলুর দাম কমে যাচ্ছে। দাম আরও পড়ে যাওয়ার আশঙ্কায় আগাম আলু তুলে বিক্রি করছেন চাষিরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, আলু চাষের জন্য এ উপজেলা উত্তরাঞ্চলের মধ্যে অন্যতম। চলতি মৌসুমে উপজেলার ১৮ হাজার ২০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। এসব জমিতে লাগানো থেকে আলুর পরিপক্বতা আসতে সময় লাগে ৮০-৯০ দিন। বেশির ভাগ জমিতেই এর অর্ধেক সময় এখনো বাকি আছে।
এলাকার সাত-আটজন আলুচাষি ও ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক অস্থিরতার কারণে অবরোধ দীর্ঘায়িত হতে পারে, এ আশঙ্কায় চাষিরা আলু পরিপক্ব হওয়া পর্যন্ত রাখতে চাচ্ছেন না। তাঁদের ধারণা অস্থিরতা অব্যাহত থাকলে এখনো যে দাম পাওয়া যাচ্ছে পরে সেটাও আর পাওয়া যাবে না। এ কারণে খেত থেকে আগাম আলু তুলে তাঁরা বিক্রি করে দিচ্ছেন।
উপজেলার ছাতুয়া গ্রামের আলুচাষি বাবর আলী (৪৫) বলেন, এবার রাজনৈতিক অস্থিরতায় চাষিদের মাথায় হাত পড়েছে। আলু বিক্রি করতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। ঋণের টাকায় উৎপাদিত আলু চোখের সামনে দাম কমতে দেখে কেউ কেউ কেঁদে ফেলেছেন।
কুড়াহার গ্রামের সবজি ব্যবসায়ী আকরাম হোসেন (৫০) গতকাল শুক্রবার সকালে খেতে আলু বস্তায় ভরছিলেন। পাশে দাঁড়িয়ে চাষি লুৎফর রহমান। তাঁর চোখেমুখে আশঙ্কার ছাপ। লুৎফর রহমান জানান, ব্যবসায়ী বলেছেন যদি আলু ট্রাকে করে ঢাকায় পাঠানো সম্ভব হয় তাহলেই কেবল ৪০০ টাকা করে দাম পাবেন। না-হলে ৩৫০ টাকার বেশি দিতে পারবেন না। আগেভাগে কেন আলু তুলছেন, এমন প্রশ্ন করলে উল্টো তিনি জানতে চান, শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে কোনো মীমাংসা হবে কি না। এর উত্তর না পেয়ে তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ‘হামরা যারা গরিব তারকে দিকিন কেউ তাকায় না। সকলি আছে নিজের ধান্দা লিয়া।’ একই গ্রামের চাষি বদর উদ্দিন (৪০) এখনো আলু তোলেননি। তাঁর আশা শিগগিরই দেশে শান্তি ফিরে আসবে। দাম পাবেন তাঁর ফসলের।
এদিকে চাষিরা আলু তোলার তোড়জোড় শুরু করায় এবং পরিবহনব্যবস্থা বন্ধ থাকায় আলুর দাম প্রতিদিনই কমে যাচ্ছে। উত্তরাঞ্চলের বৃহত্তম সবজিবাজার মহাস্থান হাটের পাঁচ-ছয়জন সবজি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগে যে পাকড়ি জাতের আলু এখানে ৬৫০ টাকা মণ দরে বিক্রি হয়েছে সেই আলুর দাম গতকাল শুক্রবার ছিল ৪০০ টাকা। অবরোধ অব্যাহত থাকলে দাম আরও দ্রুত কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল জানান, এবার আগাম আলুর দাম বেশ ভালো ছিল। কিন্তু অবরোধের কারণে আলুর দাম পড়ে যাওয়ায় চাষিরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন।