অবরোধের কারণে বিমান ভাড়া বৃদ্ধি
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ঘন ঘন অবরোধ কর্মসূচির কারণে রাজধানী ঢাকার সঙ্গে বন্দরনগর চট্টগ্রামের আকাশপথে যাতায়াত জনপ্রিয় হয়ে উঠেছে। এই সুযোগে বিমান পরিবহন সংস্থাগুলো ভাড়া দেড় থেকে দুই গুণ বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম আকাশপথে রিজেন্ট এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারওয়েজ ও নভো এয়ার নামের তিনটি বিমান পরিবহন সংস্থা আকাশপথে যাত্রী পরিবহন করে আসছে।
যাত্রীদের অভিযোগ, ছয় হাজার টাকার নিচে আকাশপথে এখন টিকিট পাওয়া কঠিন। যদিও সর্বনিম্ন ভাড়া চার হাজার টাকা। কোনো যাত্রী এক সপ্তাহ পরে গন্তব্যে যাওয়ার টিকিট চাইলে ন্যূনতম ছয় হাজার টাকা নেওয়া হচ্ছে। আর যাত্রার এক দিন আগে টিকিট চাইলে আট হাজার টাকার নিচে মেলে না। আরব আমিরাতপ্রবাসী ব্যবসায়ী সিদ্দিক আহমেদ বলেন, ‘রিজেন্ট এয়ারওয়েজের বিমানে করে আমি ঢাকায় যাই। ফিরি ইউনাইটেড এয়ারওয়েজের বিমানে করে। যাত্রীদের চাপ থাকার কারণে দুটি বিমান পরিবহন সংস্থা ভাড়া বেশি নিয়েছে। বেশি নেওয়ার কারণ জিজ্ঞাসা করারও সুযোগ নেই যাত্রীদের।’
রিজেন্ট এয়ারওয়েজের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মনোজিৎ সেনগুপ্ত এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মাস খানেক আগে আমরা বিমান ভাড়া বাড়িয়ে পাঁচ থেকে আট হাজার পর্যন্ত করেছি, যা আগে চার থেকে সাত হাজার টাকা ছিল। আসলে চার হাজার টাকায় টিকিট বিক্রি করলে আমাদের ক্ষতি হয়। সেই ক্ষতি কাটিয়ে তুলতে আমরা ভাড়া বাড়িয়েছি।’