অবরোধের গণপরিবহন নছিমন-করিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতাল-অবরোধে বদলে গেছে সড়ক-মহাসড়কের পরিবহনব্যবস্থার চিত্র। বাস-ট্রাকের পরিবর্তে এখন নছিমন-করিমনই হয়ে উঠেছে পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার প্রধান গণপরিবহন। অবৈধ হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে এ ধরনের যানবাহনেই ঝুঁকি নিয়ে চলাচল করছেন লোকজন।
জানা গেছে, এমনিতেই বেড়া ও সাঁথিয়া উপজেলায় অবাধে চলাচল করে অসংখ্য নছিমন-করিমন। হরতাল-অবরোধকে পুঁজি করে সড়ক-মহাসড়কে এগুলোর চলাচল আরও বেড়ে গেছে। নিরূপায় লোকজনের কাছে যাতায়াতের জন্য এগুলোই এখন প্রধান ভরসা।
পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, হরতাল-অবরোধে বাস-ট্রাকের তুলনায় নছিমন-করিমন চালানো অনেকটাই নিরাপদ। কারণ, এগুলোর দাম কম। একেকটি করিমনের দাম ৩০-৪০ হাজার ও নছিমনের দাম এক থেকে দেড় লাখ টাকা। পিকেটারদের কবলে পড়ে এগুলো ক্ষতিগ্রস্ত হলে বা পুড়ে গেলে আর্থিক ক্ষতি আয়ত্তের মধ্যে থাকে।
বেড়ার আমিনপুর গ্রামের মোতালেব মিয়া বলেন, ‘হরতাল না থাকলি বাসে কাশীনাথপুর হয়া বাড়িতে যাই। এখন বাস বন্ধ থাকায় এক করিমনে কাশীনাথপুর, তারপর আরেক করিমনে বাড়িত যাই।’