রাজধানীতে ককটেল, আগুন দেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আজ সোমবার বাসে আগুন দেওয়ার চেষ্টা, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিল হয়েছে। এ সময় দুজনকে আটক করে পুলিশ। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৮৩ ঘণ্টা অবরোধের তৃতীয় দিনে এসব ঘটনা ঘটে।

গত শনিবার ভোর ছয়টা থেকে এই অবরোধ শুরু হয়। কাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এটি ১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি।

সকাল সাড়ে ছয়টার দিকে সদরঘাট এলাকায় ছাত্রদল ও শ্রমিক দল একটি মিছিল বের করে। একপর্যায়ে মিছিলকারীরা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশ ধাওয়া করে ছাত্রদল ও শ্রমিক দলের দুই কর্মীকে আটক করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এ তথ্য জানিয়েছেন।

মহানগর দায়রা জজ আদালতের পেছনে শাঁখারীবাজারের গলিতে সকাল সাড়ে ১০টার দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ভোর সাড়ে ছয়টার দিকে হাতিরঝিলে শিবিরের কর্মীরা একটি মিছিল বের করেন। একপর্যায়ে মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

গত দুই দিনের মতো আজও রাজধানীতে প্রচুর রিকশা, অটোরিকশা, গণপরিবহন ও গাড়ি চলাচল করছে।

সকাল সাতটার দিকে আগারগাঁওয়ে অবরোধের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করা হয়। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।

এর আগে চার দফা অবরোধ করেছে জোটটি। প্রথম দফায় ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ৭১ ঘণ্টা, এরপর ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ১৩১ ঘণ্টা, তৃতীয় দফায় ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ঘণ্টা এবং সর্বশেষ ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ ডাকা হয়। এ সময় হরতাল-অবরোধের ঘটনায় নিহত হয়েছেন ১১৬ জন।