অবরোধের দাবি আরও জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফপি ফাইল ছবি
এএফপি ফাইল ছবি
>
  • নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সফরে মিয়ানমার সম্মত।
  • প্রতিনিধিদল বাংলাদেশ সফরেও আসবে।
  • বাংলাদেশে আসছেন মিয়ানমারের মন্ত্রী।
  • রোহিঙ্গাদের কানাডায় আশ্রয় দেওয়ার আহ্বান।

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক অবরোধের দাবি জোরদার হয়েছে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গহওর রিজভী গতকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত রোহিঙ্গা–বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণাপত্রে ওই দাবি তুলেছেন। একই দিনে কানাডার পক্ষ থেকে মিয়ানমারের ওপর অবরোধ আরোপের দাবি করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলকে যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে মিয়ানমার সরকার। গত সোমবার নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ও জাতিসংঘে পেরুর দূত গুস্তাভো মেজা-কুয়াদ্রা বিষয়টি নিশ্চিত করেন। তবে ওই প্রতিনিধিদলকে রাখাইন রাজ্যে যেতে দেওয়া হবে কি না, তা এখনো পরিষ্কার করা হয়নি। ওই প্রতিনিধিদল মিয়ানমার সফরের পাশাপাশি বাংলাদেশ সফরেও আসবে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এদিকে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারের একজন মন্ত্রী। গত আগস্টে রোহিঙ্গা সংকট শুরুর পর দেশটির কোনো উচ্চপদস্থ কর্মকর্তা এ ধরনের সফরে বাংলাদেশে আসছেন। এ ছাড়া কক্সবাজারে শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য উদ্বেগ প্রকাশ করেছে রোহিঙ্গাবিষয়ক মিয়ানমার সরকারের একটি আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদ।

মিয়ানমার বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিশেষ দূত গতকাল তাঁর সরকারের কাছে একটি প্রতিবেদন দিয়েছেন। এতে তিনি বলেছেন, কানাডার উচিত রোহিঙ্গাদের কানাডায় আশ্রয় দেওয়া। একই সঙ্গে অন্যান্য দেশও যাতে রোহিঙ্গাদের আশ্রয় দেয় সে জন্য তাদের চাপ দিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে আসছেন মিয়ানমারের মন্ত্রী

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক রেডিও ফ্রি এশিয়া জানায়, মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক মন্ত্রী উইন মিয়াত আই ১১ এপ্রিল বাংলাদেশ সফরে আসবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক বিভাগের মহাপরিচালক তারেক মুহাম্মদ বলেছেন, উইন মিয়াত আইয়ের তিন দিনের এই সফরের দ্বিতীয় দিন, ১২ এপ্রিল তাঁর রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে।

রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের উদ্বেগ!

রয়টার্স জানায়, সিঙ্গাপুরে গতকাল এক সংবাদ সম্মেলনে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন মিয়ানমার সরকারের অ্যাডভাইজরি বোর্ড ফর দ্য কমিটি ফর ইমপ্লিমেনটেশন অব দ্য রিকমেন্ডেশন অন রাখাইন স্টেটের সেক্রেটারিয়েট প্রধান কোবসাক চুতিকুল। তিনি বলেন, ‘আমাদের এখন সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে ছুটতে হচ্ছে। বর্ষাকাল আসছে। প্রায় ১০ লাখ মানুষের জন্য যে শিবির গড়ে তোলা হয়েছে, তা বর্ষা মোকাবিলার মতো করে তৈরি করা হয়নি। প্রত্যাবাসন, সহায়তা নিয়ে সব কটি পক্ষ যদি এগিয়ে না আসে, তাহলে বহু মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে।’ জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের লক্ষ্যে গত বছর অ্যাডভাইজরি বোর্ড ফর দ্য কমিটি ফর ইমপ্লিমেনটেশন অব দ্য রিকমেন্ডেশন অন রাখাইন স্টেট গঠন করে মিয়ানমার সরকার।

রোহিঙ্গাদের কানাডায় আশ্রয় দেওয়ার আহ্বান

এএফপি জানায়,গত বছরের অক্টোবর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির পার্লামেন্টে টরন্টোর সাবেক সদস্য এবং অন্টারিওর মুখ্যমন্ত্রী বব রাইকে মিয়ানমারে তাঁর সরকারের বিশেষ দূত নিয়োগ করেন।

বব রাই গতকাল অটোয়ায় সংবাদ সম্মেলনে বলেন, ‘কানাডার উচিত বাংলাদেশ ও মিয়ানমার থেকে রোহিঙ্গাদের কানাডায় আশ্রয় দেওয়ার ইচ্ছা প্রকাশ করা। আর সমমনা দেশগুলোও যাতে এ কাজ করে সে জন্য আলোচনায় তাদের উৎসাহ দেওয়া দরকার।’

বিশেষ দূতের এই পরামর্শকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, বিষয়গুলো পর্যালোচনা করে কী পদক্ষেপ নেওয়া যায় তা জানানো হবে।

মালয়েশিয়ায় পৌঁছাল নৌকাটি

এএফপি জানায়, ঝড়ের কবলে পড়ে থাইল্যান্ডের একটি দ্বীপে ভেড়া রোহিঙ্গাবাহী নৌকাটি গতকাল মঙ্গলবার মালয়েশিয়ায় পৌঁছেছে। কর্তৃপক্ষ বলেছে, ওই ৫৬ রোহিঙ্গাকে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দেওয়া হবে।

মালয়েশিয়ার নৌবাহিনীর প্রধান আহমেদ কামারুলজামান আহমেদ বদরউদ্দিন বলেন, রোহিঙ্গাবাহী ওই নৌকাটিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাংকউই দ্বীপের কাছে পাওয়া গেছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। সবাই নিরাপদ, তবে দীর্ঘ সমুদ্রযাত্রায় তারা ক্লান্ত আর ক্ষুধার্ত। নৌকাটি এবং এর আরোহীদের অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

মিয়ানমারের ওপর অবরোধ প্রয়োজন: গওহর রিজভী

ঢাকা ঘোষণা গ্রহণ করার মধ্য দিয়ে দুই দিনব্যাপী রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। এই ঘোষণা পাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের ওপর অবরোধ প্রয়োজন। সেই অবরোধ কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশকে কাজ করতে হবে।

গওহর রিজভী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝতে হবে, মিয়ানমার সরকারের মনে কী আছে, তারা কী চিন্তা করছে। মিয়ানমার সরকার ও তার সেনাবাহিনীর উদ্দেশ্য পরিষ্কার। তারা যা করেছে তা সবই সুচিন্তিত, সুপরিকল্পিত। আগে অবরোধ ছিল। সেই অবরোধ তুলে নেওয়ার পর তারা বিশ্বকে গণহত্যা উপহার দিয়েছে। এখন পুনরায় অবরোধ আরোপ করতে হবে, যেন সেই দেশের সেনাবাহিনী চাপের মুখে পড়ে। আন্তর্জাতিক চাপ না হলে কাজ হবে না।

গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের শেষ অধিবেশনে ঢাকা ঘোষণা গৃহীত হয়। ‘রোহিঙ্গা শরণার্থী সংকট: টেকসই সমাধানের লক্ষ্যে’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও অ্যাকশনএইড বাংলাদেশ। সম্মেলনে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, মিয়ানমার, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, সুইডেন, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা অংশ নেন।

দুই দিনের সম্মেলনে যোগ দেওয়া দেশি-বিদেশি রোহিঙ্গা বিশেষজ্ঞ ও গবেষকেরা ঢাকা ঘোষণা তৈরি করেছেন। ঘোষণায় রোহিঙ্গা শরণার্থীদের আত্মনির্ভরতা বাড়ানো, তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের প্রচেষ্টা এবং মিয়ানমারে সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে দুই পৃষ্ঠার ২৩ দফা ঘোষণা পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।

গতকাল চারটি অধিবেশন হয়।

প্রথম অধিবেশনে ভারতের প্রবীণ সাংবাদিক তপন বোস বলেন, লাখ লাখ রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে, যা পারমাণবিক বোমা বিস্ফোরণের ক্ষতির চেয়েও বেশি। জাতিসংঘের চাপে কোনো কাজ হবে না মন্তব্য করে তিনি আরও বলেন, ভারত, চীন ও মিয়ানমারকে নিয়ে বাংলাদেশ একটি আলোচনার উদ্যোগ নিতে পারে।

পরের অধিবেশনে যুক্তরাজ্য থেকে আসা বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রতিনিধি তান খিন বক্তব্য শুরু করলে সিনেট ভবনে পিনপতন নিস্তব্ধতা নেমে আসে। ‘আমি একজন রোহিঙ্গা’ এই বাক্য দিয়ে তিনি আলোচনা শুরু করেন। ১৭ বছর বয়সে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। মিয়ানমার সরকারের নীতি, আইন, নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমার দাদা সংসদ সদস্য ছিলেন। আমার বাবা ২০ বছর সরকারি চাকরি করেছিলেন। এখন আমি ও আমার মতো রোহিঙ্গারা সেই বার্মার (মিয়ানমার) নাগরিক না।’

ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশ ছাড়াও ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ আরও কিছু দেশে রোহিঙ্গারা আছে। এসব দেশকে নিয়ে একটি আলোচনার প্রস্তাব করেন তিনি।