অবরোধে আগুন, ভাঙচুর, ককটেল ও সংঘর্ষ

১৮ দলের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ রোববার দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। রাজধানী ও বাইরে পেট্রল দিয়ে যানবাহনে আগুন, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজশাহী ও চাঁদপুরে রেললাইন উপড়ে ফেলেছে অবরোধকারীরা।
আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
ঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের কাঁচাবাজার এলাকায় আজ সকালে যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুুড়েছে অবরোধ-সমর্থকেরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় যুবদলের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
সকালে তেজগাঁওয়ে অবরোধের সমর্থনে মিছিল করেন যুবদলের কর্মীরা। যুবদলের ১০ থেকে ১২ জন কর্মী রেলগেটের সামনে এসে অবরোধের সমর্থনে স্লোগান দেন। তাঁরা ওই সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে বিক্ষোভকারীরা পালিয়ে যান।
সকাল নয়টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ডের কাছে ছাত্রশিবিরের কর্মীরা অবরোধের সমর্থনে ব্যানার নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা ককটলে ফাটিয়ে আতঙ্ক তৈরি করেন। ধাওয়া করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে শিবিরের চার কর্মীকে আটক করে পুলিশ।
সকালে খিলক্ষেত থানা এলাকার পিংক সিটির ভেতর থেকে সড়কে কয়েকটি ককটেল ছোড়া হয়। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানিয়েছেন, এতে কেউ হতাহত হননি।
সকাল নয়টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে যাত্রীবাহী একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেয় কয়েকজন দুর্বৃত্ত। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ওই দুর্বৃত্তরা যাত্রী সেজে বাসটিতে উঠেছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান।
ধানমন্ডির ১৫ নম্বরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।
বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জজ কোর্টের সামনে মিরপুর-সদরঘাট রুটে চলাচলকারী বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনার সময় এক যুবককে হাতেনাতে ধরে ফেলার দাবি করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
চট্টগ্রাম: নগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় গাড়ি ভাঙচুরের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া সকালে নগরের এ কে খাঁন ইস্পাহানি রেল গেট এলাকায় অবরোধ করলে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।
রাজশাহী: শনিবার গভীর রাতে রাজশাহীতে রেললাইন উপড়ে ফেলার ঘটনা ঘটেছে। এতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে রাজশাহীর রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সিরাজগঞ্জ: ভোর সাড়ে ছয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করে অ্যাম্বুলেন্স ও ভটভটি ভাঙচুর করে অবরোধকারীর। এ সময় র্যাবের সদস্যরা সেখানে পৌঁছলে তাঁদের লক্ষ্য করে অবরোধকারীরা ইটপাটকেল ও ককটেল ছোড়ে। এর মধ্যে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরে সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করা হয়।
নোয়াখালী: বেলা সাড়ে ১১টার দিকে সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের কার্যালয় ও অফিস সহকারীর কক্ষের জানালার কাঁচ ভাঙচুর করেছে অবরোধকারীরা। একই সময় সোনাইমুড়ীর জয়াগ বাজারে তিনটি মোটরসাইকেল ভাঙচুরের পর আগুন দেয় অবরোধকারীরা। এ ঘটনার পর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দুপুর ১২টার দিকে জেলা শহরের গোদার মসজিদ এলাকায় হোয়াই হলের সামনে অবরোধকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে শর্টগানের গুলি ছোড়ে।
নারায়ণগঞ্জ: সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সকালে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। আগুনে বাসের সিটগুলো পুড়ে গেছে। আহত হয়েছেন সাতজন।
সকাল সাতটার দিকে শহরের হাজিগঞ্জ এলাকায় মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা সড়কে পেট্রল ঢেলে আগুন জ্বালান এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া ভোর ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় কাগজবাহী পিকআপ ভ্যানে আগুন দিয়েছে পিকেটাররা।
চাঁদপুর: আজ ভোরে চাঁদপুর-লাকসাম রেল রুটের নাওড়া নামক স্থানে রেল ব্রিজের একটি ফিশপ্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেন মেঘনা এক্সপ্রেস।
এদিকে বাকিলা এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ভোর থেকে অবরোধ করে রেখেছে অবরোধকারীরা। এ ছাড়া শহরের স্টেডিয়াম রোডে সকাল সাতটার দিকে অবরোধকারীরা একটি মালবাহী ট্রাকে আগুন ধয়িয়ে দেয়।
গাজীপুর: সকাল নয়টার দিকে কালিয়াকৈর উপজেলার সাহেববাজার পাইপাস রোডে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। অবরোধকারীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়। এঁদের মধ্যে ১০ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। গুলিবিদ্ধ ১০ জন রোগী ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক (জনসংযোগ) জায়েদুর রহমান।
ঢাকা জেলা গেয়েন্দা পুলিশের পরিদর্শক শাহীন শাহ পারভেজ জানান, কালিয়াকৈরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।
পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান জানান, তাঁদের কর্মীদের আহত হওয়ার ঘটনায় আগামীকাল সোমবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
এদিকে কালীগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম ভূইয়া জানান, উপজেলার মুলগাঁও এলাকায় গতকাল রাতে ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কে অবরোধকারীরা একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়ে অগ্নিসংযোগ করে। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে এবং ট্রাকের চালক মো. মিনু মিয়া ও সহযোগী মো. রুবেল দগ্ধ হয়েছেন।
পটুয়াখালী: মাহফিল শেষে ব্যাটারিচালিত অটোবাইকে করে বাড়ি ফেরার পথে অবরোধকারীদের লাগানো আগুনে দগ্ধ হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আ. সাত্তার। গতকাল রাত সাড়ে নয়টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুর দরবার শরীফ-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। মাওলানা সাত্তারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার আতাউর রহমান নামে আরেকজন দগ্ধ হয়েছেন।
নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, ‘একতরফা’ নির্বাচনের তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত শুক্রবার অবরোধ কর্মসূচি দেয় ১৮-দলীয় জোট। গতকাল শনিবার ভোর ছয়টা থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোর ছয়টা এই কর্মসূচি চলবে।
এর আগে একই দাবিতে গত মঙ্গলবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ৭১ ঘণ্টা কর্মসূচি পালন করে বিরোধীদলীয় এই জোট।