অবরোধের নামে উখিয়ায় তিন শতাধিক গাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ ও হরতালের নামে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া অংশের প্রায় ৩০ কিলোমিটার এলাকায় সৃজিত তিন শতাধিক বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয় লোকজন বলেন, জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে প্রথমে যানচলাচল বন্ধ করলেও পরে এসব গাছ লুট করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন মিয়া বলেন, গত ১১ ডিসেম্বর রাতে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকেরা উখিয়া সদরের দুই পাশে সৃজিত ৪৫টির বেশি গাছ কেটে সড়ক অবরোধ করেন। এ সময় বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করেন। এ ঘটনায় উপজেলা জামায়াতের আমিরসহ ১৫৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গত কয়েক দিনের অবরোধ কর্মসূচিতে সড়কের হিজলিয়া এলাকায় ৩০টি, মরিচ্যায় ২৫টি, সোনাইছড়িতে সাতটি, পালংখালী ও থাইংখালীতে ৩০টিসহ দেড় শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, এই সড়ক সংরক্ষণ ও শোভাবর্ধনের জন্য ১০ থেকে ১৫ বছর আগে সরকারিভাবে রাবেতা হাসপাতাল থেকে পালংখালী পর্যন্ত উখিয়া উপজেলার প্রায় ৩০ কিলোমিটার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির পাঁচ হাজারের বেশি গাছ রোপণ করা হয়। এখন প্রতিটি গাছে ৩০০ থেকে ৫০০ ঘনফুট কাঠ হয়েছে। কিন্তু এ পর্যন্ত তিন শতাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। যার মূল্য প্রায় এক কোটি টাকা। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা বলেন, হরতাল-অবরোধের নামে সড়কের পাশের গাছগুলো কেটে ফেলা হলেও এ নিয়ে যেন কারও মাথাব্যথা নেই।
উপজেলা জামায়াতের আমির আবুল ফজল বলেন, আওয়ামী লীগ সড়কের গাছ কেটে জামায়াতের ওপর চাপিয়ে দিচ্ছে। অন্যদিকে থানায় মিথ্যা মামলা দিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের এলাকা ছাড়া করা হচ্ছে।