অবরোধের নামে ঘোড়াঘাটে চাঁদাবাজি, ট্রাক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের রানীগঞ্জবাজার এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা অবরোধের নামে পণ্যবাহী ১২-১৩টি ট্রাকে চাঁদাবাজি ও ভাঙচুর করে। এ সময় দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেতে দ্রুত পালাতে গিয়ে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দিনাজপুর ট্রাক বন্দোবস্তকারী সমিতির রানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ইদ্দিস আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের পশ্চিমে একদল দুর্বৃত্ত মহাসড়কে ১২-১৩টি মালবোঝাই ট্রাক থামিয়ে চাঁদাবাজি করে।
চাঁদা না পাওয়ায় তারা কয়েকটি ট্রাক ভাঙচুর করেছে। দুর্বৃত্তদের হাত থেকে পালাতে গিয়ে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার শিকার ট্রাকের চালক সাজু মিয়া জানান, তিনি চাঁদাবাজদের দেখে দ্রুত পালাতে গিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে বেদম মারধর করে বলে তিনি অভিযোগ করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, অবরোধকারী দুর্বৃত্তরা পিকেটিং করেছে।
ওসি দাবি করেন, ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। তবে চাঁদাবাজি করেছে কি না, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।