
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগীকে উদ্ধারের দাবিতে তৃতীয় দিনের মতো আজ বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কাউন্সিলরের সমর্থকেরা।
সকাল সোয়া ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় তাঁরা মহাসড়ক অবরোধ করেন। পরে বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ তুলে নিলেও এই দীর্ঘ সময়ে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার ও তাঁর গাড়িচালকের সন্ধানের দাবিতে আজ বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন আইনজীবীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়ক অবরোধ করার পর সিদ্ধিরগঞ্জের সানারপাড় ও সাইনবোর্ড এলাকায় অবরোধকারীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। নজরুল ইসলাম অপহরণের ঘটনায় আরেক কাউন্সিলর নূর হোসেনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।
অপহূত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বলেন, অপহরণের তিন দিন পার হয়ে গেলেও তাঁর স্বামী ও তাঁর চার সহযোগীকে পুলিশ উদ্ধার করতে পারেনি। সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সমাবেশে তিনি ঘোষণা দেন, অপহূতদের উদ্ধার না করা পর্যন্ত তাঁরা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় মহাসড়ক অবরোধ করে রাখবেন।
আরও জানতে পড়ুন