অবরোধের পর মোকামে সবজির স্তূপ, ক্রেতার সংকটে অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার মহাস্থান বাজারে সবজির পাইকারি মোকামে কৃষকদের ভিড়ে তিলধারণের জায়গা নেই। বিপুল আমদানির কারণে মহাসড়কের আশপাশেও রয়েছে সবজির স্তূপ। খেত থেকে তোলা সবজি নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই বাজারে বসে আসছেন চাষিরা। কিন্তু পাইকারেরা আসতে না পারায় অনেকটা পানির দরেই সবজি বিক্রি করছেন তাঁরা।
শনিবার থেকে আবারও অবরোধ দেওয়ায় বৃহস্পতিবার রাতেই সবজির গাড়ি মোকামে পাঠানো যাবে, এমন আশায় চাষিদের ঢল নেমেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মহাস্থান বাজারে আসা চাষিরা বলেন, খেতের সবজি পচে নষ্ট হচ্ছিল। এ অবস্থায় শনিবার থেকে আবারও অবরোধ ডাকায় কৃষকের মাথায় হাত পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আমদানি বাড়তে থাকে। পর্যাপ্ত ক্রেতা না থাকায় ইচ্ছেমতো দামে সবজি কেনেন স্থানীয় ব্যবসায়ীরা। দুপুরের পর ক্রেতার অভাবে সবজি কেনাবেচা একরকম বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন চাষিরা। অনেকেই বাজার থেকে সবজি ফেরত নিয়ে যান। কেউ কেউ রাস্তার পাশে সবজি ফেলে দেন।
গোকুল গ্রামের সবজিচাষি আবদুল মান্নান বলেন, ‘কয়দিন আগে এক কেজি ফুলকপি বেচ্চি ১৫-২০ টেকা দরে। হরতাল-অবরোধের ফাঁসত পড়ে হামাকেরে মরার দশা। খেতত সবজি পচে যাচ্চে। কয়দিন পর আজকে বাজারত লিয়ে আসে মাথাত হাত। বাজারত খালি সবজি আর সবজি। কিনবার ব্যাপারী নাই। দুই মণ কপি লিয়ে আচ্চি। একজন তিন টেকা কেজি দাম করিচ্চে। একন সেই দামে বেচপার রাজি হলেও তাঁক খুঁজে পাচ্চি না।’
মহাস্থান বাজারের আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ও পাইকারী ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, গত শুক্রবারও বাজারে প্রচুর সবজির আমদানি হয়েছিল। সেই সবজি কিনে পথে বসতে হয়েছে ব্যবসায়ীদের। দিনশেষে পাইকারি বাজারে সবজি পাঠানোর জন্য বস্তা করার প্রস্তুতি নিতেই জানা গেল পরদিন থেকে আবার অবরোধ। আড়তে সেই সবজি পচে নষ্ট হয়েছে।