অবরোধের প্রভাব সবজির দামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৭১ ঘণ্টার অবরোধের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। কাঁচাবাজারগুলোতে গতকাল শুক্রবার প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে, বিশেষ করে শীতকালীন সবজি। সবজিভেদে এই দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত। বেড়েছে দেশি মুরগির দামও।

দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলেছেন, অবরোধের কারণে কয়েক দিন ঢাকার বাইরে থেকে পণ্য এসেছে খুব কম। অনেক স্থানে পণ্যবোঝাই ট্রাক অপেক্ষায় ছিল। এতে একদিকে পরিবহন ব্যয় বেড়েছে, অন্যদিকে অনেক পণ্য নষ্ট হয়েছে। সরবরাহ-সংকটের পাশাপাশি এসবও দাম বাড়ার কারণ।

দাম বাড়া নিয়ে ক্রেতাদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা গেলেও বাড়তি দাম দিয়েই তাঁদের পণ্য কিনতে হয়েছে। অবরোধের কারণে দাম বাড়ায় তাঁদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন রাজনৈতিক দলগুলোর প্রতি।

কারওয়ান বাজারে রাসেল নামের এক ক্রেতা প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ও ক্ষমতার জন্য হানাহানিতে জড়িয়েছে। আর সব দিক থেকে এর মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

একাধিক কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শীতের অন্যতম সবজি বড় আকারের প্রতিটি ফুলকপির দাম ১০-১৫ টাকা বেড়ে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ও পাকিস্তানি মুরগির দাম ওজনভেদে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। আর ডাল, চাল, চিনি, তেলের দাম ছিল স্থিতিশীল।

কারওয়ান বাজার ও মিরপুরের কাজীপাড়ায় প্রতিটি বাঁধাকপি ৩৫-৪০, টমেটো প্রতি কেজি ১০০, বেগুন ৫০, কাঁচা মরিচ ৮০, শালগম ৪০, মুলা ৩০, শিম ও পটোল ৫০ টাকায় বিক্রি হয়েছে। তবে কাজীপাড়া বাজারের তুলনায় দাম কিছু কম ছিল কারওয়ান বাজারে। কাজীপাড়া বাজারে যেখানে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ টাকায় বিক্রি হয়েছে, কারওয়ান বাজারে তা ছিল ৬০ টাকা।

কাজীপাড়া বাজারের সবজি বিক্রেতা আল আমিন জানান, অবরোধের আগে প্রতি কেজি শিম ৪০, পটোল ৩০-৩৫, মুলা ২০-২৫, প্রতিটি ফুলকপি ২০-২৫ টাকায় বিক্রি হয়েছে। অবরোধের কারণে এগুলোর দাম বেড়েছে।

এ দুটি বাজার ঘুরে দেখা গেছে, একমাত্র পুরান আলু ছাড়া ৩০ টাকার নিচে কোনো সবজি বিক্রি হচ্ছে না।

কারওয়ান বাজারে আকারভেদে প্রতি কেজি দেশি মুরগি ২৫০ থেকে ৩০০ এবং পাকিস্তানি মুরগি ১৪০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়। একাধিক মুরগি বিক্রেতা জানান, অবরোধের পরে দেশি ও পাকিস্তানি মুরগির দাম আগের চেয়ে কেজিতে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে ব্রয়লার মুরগি আগের দামে প্রতি কেজি ১২০-১২৫ টাকায়ই বিক্রি হচ্ছে।