অবরোধের ভোগান্তির পর শীতে কাবু মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের ভোগান্তি শেষ না হতেই শীতে কাঁপছে গাইবান্ধার মানুষ। গত বুধবার গাইবান্ধায় সূর্যের মুখ দেখা যায়নি। খুব ভোর থেকে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়। দিনভর ঘন কুয়াশা ও কনকনে শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। জেলা শহরে লোকজনের উপস্থিতি ছিল কম।
গত মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি শেষ হওয়ার কারণে গত বুধবার ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহনের চাপ ছিল বেশি। তবে ঘন কুয়াশার কারণে বাতি জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। কুয়াশার কারণে বালাসী-বাহাদুরাবাদ নৌপথে নৌযান চলাচল ব্যাহত হয়। শীতবস্ত্রের অভাবে চরাঞ্চলের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
গত বুধবার নদী-তীরবর্তী ফুলছড়ি উপজেলার বালাসী, মদনেরপাড়া, ভাষারপাড়া, কাইয়ারহাট, রসুলপুর, সৈয়দপুর গ্রাম ঘুরে শীতার্ত মানুষকে দুর্ভোগ পোহাতে দেখা গেছে। ভাষারপাড়া গ্রামের কৃষিশ্রমিক বেলাল হোসেন বলেন, ‘হামারঘরে গায়োত কাম নাই। এদিক-ওদিক যায়া কাম করমো, তাও অবোরোদের জন্যে করব্যার পানো না। আচকে (বুধবার) অবোরোদ নাই, কিনতো শীতের জন্যে কোনোখানে যাবার পানো না।’
একই গ্রামের কৃষিশ্রমিক রাজা মিয়া (৪৫) বলেন, ‘হরতাল-অবোরোদ হলেও হামারঘরে কষ্টো, শীতোতও কষ্টো। একন কাম চলে না, দেনা করি খাবার নাগচি, শীতের কাপড়া কিনমো ক্যামন করি।’ বালাসী গ্রামের রিকশাচালক বাবলু মিয়া (৪২) বলেন, ‘না খায়া এক ব্যালা থাকা যায়। শীতের কষ্টো সয্য করা যায় না। দ্যাশের যে অবস্তা, হামারঘরে শীতের কাপড়া দিবে ক্যাটা।’
গত বুধবার শহরের পৌর মার্কেটের পুরোনো কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এখানে গরম কাপড় কিনতে আসা গাইবান্ধা সদর উপজেলার কূপতলা গ্রামের কৃষক আবুল কাশেম বলেন, ‘গরম কাপড় কিনব কীভাবে, দাম অস্বাভাবিক।’
পৌর মার্কেটের কাপড় ব্যবসায়ী সুজন মিয়া ও আমিনুল ইসলাম জানান, হঠাৎ করে গত বুধবার শীত বেশি পড়েছে। তাই ক্রেতার সংখ্যাও বেশি। কিন্তু অবরোধের কারণে বেশি মালামাল আনা সম্ভব না হওয়ায় তা কম দামে বিক্রি করা যাচ্ছে না।
জানা গেছে, এবার সরকারিভাবে যে পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হয়, চাহিদার তুলনায় তা অপ্রতুল। পাশাপাশি বেসরকারিভাবেও তেমন শীতবস্ত্র বিতরণ করা হয়নি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহ আলম বলেন, জেলার সাত উপজেলায় এবার পাঁচ হাজার ৮৮৯টি কম্বল বিতরণ করা হয়েছে। ৪০ হাজার কম্বল পেলে আপাতত শীতার্তদের চাহিদা মেটানো সম্ভব হতো।