অবরোধের মধ্যে হাইকোর্টের বেঞ্চ বসেছেন
অবরোধের মধ্যে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বেশ কয়েকটি বেঞ্চ বসেছেন, বিচারকাজও চলেছে। তবে আইনজীবী ও বিচারপ্রার্থীদের তেমন ভিড় দেখা যায়নি।
সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, হরতাল ও অবরোধে স্বাভাবিকভাবে আপিল বিভাগ ও চেম্বার বিচারপতির আদালত বসেন। আপিল বিভাগের দুটি বেঞ্চে স্বাভাবিকভাবে বিচারকাজ চলেছে। বিচারপ্রার্থীদের ভোগান্তি এড়াতে হাইকোর্টের দ্বৈত ও একক মিলে গতকাল ১৪টি বেঞ্চ বসেছেন।
হরতাল-অবরোধের মধ্যে হাইকোর্ট বিভাগের সব কটি বেঞ্চ যেন বসেন এবং বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি আবদুল বাসেত মজুমদার। দুপুরে সমিতির উত্তর হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বাসেত মজুমদার বলেন, সারা দেশের সব আদালতে বিচারকাজ চলছে। হাইকোর্ট বিভাগ বসতে পারছেন না। বিচারপ্রার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগামী রোববার থেকে হাইকোর্টের সব কটি বেঞ্চের বিচারিক কার্যক্রম চালু রাখতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানান তিনি। সংবাদ সম্মেলনে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, সমিতির সাবেক সভাপতি এ এফ এম মেজবাহ উদ্দিন, সাবেক সম্পাদক এ এম আমিন উদ্দিন ও শ ম রেজাউল করিম উপস্থিত ছিলেন। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রাধন বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে।