অবরোধের মধ্যেই আজ ও কাল আবার হরতাল
বিএনপি মনে করে, প্রহসনের এই নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে গণ-আন্দোলন সফল হয়েছে।
গতকাল রোববার একতরফা নির্বাচনে ভোট গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক এ কথা বলেন। ভোট প্রত্যাখ্যান করায় বিএনপির পক্ষ থেকে দেশবাসী ও ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের অভিনন্দন জানান তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১ জানুয়ারি থেকে ডাকা সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। সেই সঙ্গে নির্বাচন বাতিল ও সারা দেশে ২১ জন নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ সোম ও কাল মঙ্গলবার দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল পালন করা হবে।
এদিকে ওসমান ফারুক গতকাল প্রথম আলোকে বলেছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া তাঁকে জানিয়েছেন, ‘অবৈধ সরকার’ যতদিন থাকবে, অবরোধও ততদিন চলবে। কোনো বিরতি ছাড়াই এই কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত রয়েছে।
ওসমান ফারুক তাঁর গুলশানের বাসায় সংবাদ সম্মেলনে বলেন, গণধিক্কৃত সরকারের ভোটার ও প্রার্থীবিহীন একদলীয় নির্বাচন দেশবাসী ও বিশ্ববাসী দেখেছেন। ভোটাররা ভোটকেন্দ্রে না গিয়ে সরকারের জুলুম-নির্যাতনের জবাব দিয়েছেন। নগণ্য ভোটার উপস্থিতি সরকারের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ।
সাবেক এই মন্ত্রী বলেন, যৌথ বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসী লেলিয়ে দিয়ে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর নিষ্ঠুর ও ঘৃণ্য আচরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে হাস্যকর নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। প্রশাসনকে ইচ্ছামতো সাজানো হয়েছে নীলনকশার নির্বাচন বাস্তবায়ন করতে।
চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, সরকার বলছে, শৈত্যপ্রবাহের কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। প্রকৃতপক্ষে এটা ঘৃণার শৈত্যপ্রবাহ। এর মাধ্যমে সরকার হিমাগারে চলে গেছে।
গত ২৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৬ নভেম্বর থেকে সপ্তাহে এক-দুই দিন বিরতি দিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে জোট। গতকাল পর্যন্ত তারা ২৭ দিন অবরোধ দিয়েছে। অবশ্য ৪ ও ৫ জানুয়ারি অবরোধের সঙ্গে হরতালও ছিল।
মির্জা ফখরুলের বিবৃতি: আত্মগোপনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে একদলীয় নির্বাচন প্রত্যাখ্যান করায় দেশবাসীকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করে সরকারের পরাজয় নিশ্চিত করেছেন। অর্থহীন, হাস্যকর ও সবার কাছে অগ্রহণযোগ্য নির্বাচন করে সরকার দেশবাসীর কাছে ধিক্কৃত হয়েছে। ভোটারবিহীন একদলীয় ভাগাভাগির নির্বাচনী নাটক জাতির কাছে কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।