অবরোধের মধ্যেই আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে আজ শুক্রবার বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা শুরুর কথা ছিল ২ ফেব্রুয়ারি। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ওই দিন হরতাল ডাকলে তা পিছিয়ে শুক্রবারে নিয়ে আসা হয়।
আজ সকাল নয়টায় শুরু হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। আগামীকাল শনিবার হবে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। এই পরীক্ষা গত বুধবার হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী রোববারও পরীক্ষা আছে। ওই দিন এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা আছে। এবার সারা দেশে ৩ হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ১০টি শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ও নিরাপদে পরীক্ষা দিক। কিন্তু অবরোধ-হরতালে পরীক্ষা নিলে কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়দায়িত্ব কে নেবে?’
তবে শিক্ষা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলছেন, তাঁরা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। প্রশাসনিকভাবেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াতের রাস্তায় নিরাপত্তা দেবে পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার। গতকাল ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, পরীক্ষা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকছে।
সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সাংসদের নিজ নিজ নির্বাচনী এলাকার পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় প্রশাসনকে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা পরীক্ষা গ্রহণের শতভাগ প্রস্তুতি নিয়েছি। আশা করছি কোনো সমস্যা হবে না।’ ভালোভাবে যাতে পরীক্ষা হয়, সে জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

আরও পড়ুন