অবরোধের মধ্যেই এইচএসসি পরীক্ষা শুরু

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যেই গতকাল বুধবার শুরু হলো উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), সমমানের আলিম, ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজসেন স্টাডিজ) পরীক্ষা। অবরোধ থাকায় পরীক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষা প্রশাসনের মধ্যে আতঙ্ক থাকলেও শেষ পর্যন্ত সারা দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তবে প্রথম দিনে বহিষ্কার হয়েছে ২৬ এবং অনুপস্থিত ছিল ১০ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী। গতকাল এসএসসিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভালোভাবে পরীক্ষা হলেও আগামী দিনগুলোতে হরতাল হয় কি না এবং সে জন্য পরীক্ষা পিছিয়ে যায় কি না, তা নিয়ে অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে শঙ্কা লক্ষ করা গেছে।
গতকাল পরীক্ষা চলাকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে কথা হয় কয়েকজন অভিভাবকের সঙ্গে। তাঁদের একজন হোসনে আরা হান্নান বলেন, ‘আজকে (গতকাল) কোনো সমস্যা নেই, কিন্তু হরতাল হলে সামনের পরীক্ষাগুলো হবে কি না, তা নিয়ে উদ্বেগের মধ্যে আছি।’ পাশের আরেকজন অভিভাবক জাহানারা বেগম পরীক্ষা চলাকালে যেন হরতাল না দেওয়া হয়, সে জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে বেশ কয়েকজন টেলিভিশনের ক্যামেরাম্যানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা কেন্দ্রে প্রবেশ করেন। এ নিয়ে পরীক্ষার্থীরা কিছুক্ষণের জন্য অসুবিধায় পড়ে। মন্ত্রী ও ভিআইপিদের কেন্দ্রের ভেতরে প্রবেশ নিয়ে এর আগেও সমালোচনা হলে বিষয়টি বন্ধ হচ্ছে না।
কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, সারা দেশেই সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে। হরতাল-অবরোধ হোক বা না হোক, ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা হবে। মন্ত্রী আবারও বলেন, অবরোধের মধ্যে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হলে এর দায় বিএনপি জোটকে নিতে হবে।
সময়সূচি অনুযায়ী আগামী ১১ জুন শেষ হবে এইচএসসির লিখিত পরীক্ষা।
আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন। শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, এবার হরতাল-অবরোধের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে।