বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের তৃতীয় দফার ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে কারাকচুয়া এলাকা পর্যন্ত ১৮ কিলোমিটার এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে নারী, শিশু, বৃদ্ধ ও রোগীরা চরম দুর্ভোগ পোহান।
এদিকে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলাচলের সময় দুটি সিএনজি অটোরিকশা অবরোধকারীদের পেট্রলবোমার আগুনে পুড়ে গেছে এবং বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মহাসড়ক পুলিশ, গাড়ির যাত্রী ও চালকেরা জানান, দীর্ঘদিন অবরোধের পর শুক্রবার যানবাহনের অতিরিক্ত চাপ এবং এগুলো এলোপাতাড়ি চলাচলের কারণে শুক্রবার রাত একটার পর কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে দাউদকান্দির বলদাখাল এলাকা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তা কমে গতকাল শনিবার সারা দিন চান্দিনা-কারাকচুয়া এলকায় ১৮ কিলোমিটারজুড়ে অব্যাহত ছিল।
চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী কাভার্ডভ্যানের চালক ভাসানী মিয়া বলেন, ‘শুক্রবার বেল তিনটায় কুমিল্লা এসে যানজটে আটকা পড়ে আজ (শনিবার) সকাল নয়টায় দাউদকান্দির গৌরীপুর পৌঁছেছি। ৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে ১৮ ঘণ্টা সময় লেগেছে।’
কুমিল্লার ময়নামতি মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘অবরোধ শেষে ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন রাস্তায় নামার কারণে এ দীর্ঘ যানজটের সৃষ্টি। তবে পুলিশ প্রহরায় যানবাহনগুলো পারাপারের ব্যবস্থা করা হয়েছে।’
এদিকে গতকাল বিকেলে সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায়ও সৃষ্টি হয় তীব্র যানজটের। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল অবরোধ ভেঙে দিনভর গাড়ি চলাচল করলে মাদামবিবিরহাট এলাকায় ওই যানজট দেখা দেয়। এ সময় পুলিশ যানজট দূর করতে মহাসড়কে নেমে পড়ে। বিকেল পাঁচটার দিকে বাড়বকুণ্ড, আনোয়ারা জুটমিল গেট, চারালগান্ধী, পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টি করে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করেন অবরোধকারীরা। এ সময় র্যাব-পুলিশের টহল দল পিকেটারদের ধাওয়া করলে তাঁরা অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করেন। পরে মহাসড়কে বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
এর আরে দুপুরে সীতাকুণ্ড পৌর সদর বাজারে পাঁচটি ককটেল ও দুটি পেট্রলবোমা নিক্ষেপ করলে সেখানে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশা পুড়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সীতাকুণ্ড থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, ‘বিকেলে কয়েকটি জায়গায় বাধা সৃষ্টি করতে চাইলে পুলিশ অবরোধকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। অবরোধেও পুলিশি পাহারায় দিনে গাড়ি চলাচল করেছে।’