অবরোধের শেষ দিন ছিল শান্তিপূর্ণ

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ষষ্ঠ দফা অবরোধের শেষ দিন ছিল গতকাল রোববার। এদিন দেশের কয়েকটি স্থানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ছিল অবরোধ কর্মসূচি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে শুরু হয় অবরোধ। সপ্তাহে এক বা দুই দিন বিরতি দিয়ে গতকাল পর্যন্ত মোট ৩২ দিন অবরোধ পালিত হয়। এর সঙ্গে যুক্ত হয় জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর নিয়ে সহিংসতা ও হরতাল কর্মসূচি। এসব ঘটনায় নিহত হন মোট ১২৯ জন। এর মধ্যে কেবল পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২৩ জনের।
৫ জানুয়ারির একতরফা নির্বাচন বর্জনের ডাক দিয়ে বছরের শুরুর দিন থেকে ষষ্ঠ দফায় শুরু হয় অনির্দিষ্টকালের অবরোধ। নির্বাচনের দিন ১১ জেলায় নিহত হন ১৯ জন। কিন্তু রাজধানীসহ বড় শহরগুলোতে অবরোধ প্রায় অকার্যকর হয়ে পড়ে। শনিবার রাতে ১৮-দলীয় জোটের পক্ষ থেকে বলা হয়, রোববারের পর অনির্দিষ্টকালের এই অবরোধ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গতকাল রাজধানী ঢাকার জনজীবন ছিল অনেকটাই স্বাভাবিক। ঢাকায় চোখে পড়েনি অবরোধের সমর্থনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মিছিল।
তবে ঢাকা জেলা জজ আদালতের নতুন ভবনের সামনের রাস্তায় বেলা দুইটার দিকে দুটি ককটেল হামলা হয়। এতে তিনজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন আইনজীবী উজ্জ্বল সরকার, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হাসান ও মোহাম্মদ সিরাজুল। উজ্জ্বলের বাহু থেকে কবজি পর্যন্ত এবং পেটের বাঁ দিক ককটেলের স্প্লিন্টার ও বারুদে ঝলসে যায়। পুলিশ কর্মকর্তা হাসান ও সিরাজুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জে বেলা ১১টার দিকে পুলিশের গাড়িতে অবরোধকারীরা একটি ককটেল হামলা করেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। জয়পুরহাট শহরে যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে হামলা, ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিএনপি দাবি করেছে, শহরে ১৮ দলের একটি মিছিলে দুই যুবক ককটেল হামলা করলে স্থানীয় লোকজন তাঁদের ধরে পায়ের রগ কেটে দেন। তবে আহত যুবক আবদুল মোমিন (২৬) ও শরৎ (২৩) বলেছেন, তাঁরা হামলা করেননি। পাঁচবিবি উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
দিনাজপুর সরকারি কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সুজনকে (২৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছাত্রদল ও শিবিরের ক্যাডারদের দায়ী করেছে ছাত্রলীগ।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আন্ধারমার দরগাহ ও খুনি বটতল এলাকায় গতকাল বেলা সাড়ে তিনটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন এবং দুটি অটোরিকশা ভাঙচুর করেছেন।
অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল ছিল অন্যান্য দিনের মতো প্রায় স্বাভাবিক। পণ্যবাহী সব ধরনের যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী বাসও চলাচল করেছে।