অবরোধের শেষ দিনে আটক ৭৯
দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনী গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত নাশকতার অভিযোগে ৭৯ জনকে আটক করেছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিরা জানান, আটক ব্যক্তিদের সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
ভোরে খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের নয়জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আওলাদ হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। তাঁদের খুলনার আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রামে গতকাল সকালে নগরের মুরাদপুর এলাকায় জামায়াত শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে ছয়টি ককটেলসহ ইমাম হোসেন (২০) নামের এক শিবির কর্মীকে আটক করে। তাঁর কাছে থাকা একটি পলিথিনে ছয়টি ককটেল ছিল।
পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক জানান, ‘শিবির কর্মীরা মিছিল ও নাশকতা সৃষ্টির জন্য বিবিরহাট এলাকায় জড়ো হয়েছিলেন। আমাদের লক্ষ্য করে তাঁরা ককটেল ছোড়েন। পালানোর সময় একজনকে আটক করা হয়।’
নাশকতার অভিযোগে করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ১৫ কর্মীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত থেকে কাল সকাল পর্যন্ত পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
বগুড়ার আদমদীঘিতে আনোয়ার হোসেন (৪৩) নামের এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দক্ষিণ গনিপুর থেকে তাঁকে আটক করা হয়। তিনি উপজেলার দক্ষিণ গনিপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার অভিযোগে একজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এদের মধ্যে লক্ষ্মীচাপ ইউনিয়নের নরসিংহ গ্রামের মাহবুব আলম (২৪) গত ১৪ ডিসেম্বর নীলফামারীর রামগঞ্জ বাজারে আসাদুজ্জামান নূরের গাড়িবহরের হামলায় সরাসরি জড়িত ছিলেন বলে পুলিশের ভিডিওচিত্রে ধরা পড়েছে।
জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার অন্য ব্যক্তিদের বিরুদ্ধে হরতাল অবরোধে ভাঙচুর, সরকারি গাছ কাটাসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতায় জড়িত সন্দেহে বিএনপি ও জামায়াত-শিবিরের ৪১ নেতা কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টা থেকে তিনটা পর্যন্ত উল্লাপাড়া পশ্চিমপাড়া, বালসবাড়ী ও বাখুয়া গ্রামে এই অভিযান চালানো হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ৪১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে আটক ব্যক্তিদের সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের সদস্য। এঁদের বিরুদ্ধে অবরোধ ও হরতাল চলাকালে মহাসড়কে পিকেটিং ও নাশকতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, আটক ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। যাচাই-বাছাই করে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
যৌথবাহিনী সোমবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে আটজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, তারা সবাই জামায়াত-শিবিরের কর্মী।