
শেষ হলো বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের পঞ্চম দফার অবরোধ কর্মসূচি। শেষ দিনে গতকাল মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলায় যৌথ বাহিনীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষের সময় গুলিতে হাফিজুল ইসলাম (২১) নামের একজন নিহত হয়েছেন। এ ছাড়া রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ট্রাকচালকের সহকারী মো. মাজেদুলের (৩৫) মৃত্যু হয়েছে। ২১ ডিসেম্বর সিরাজগঞ্জে অবরোধে পেট্রলবোমা হামলায় তিনিসহ চালক অগ্নিদগ্ধ হন।
এ নিয়ে ২৫ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে পাঁচ দফা হরতাল-অবরোধসহ রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়াল ১১৯ জনে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে অবরোধের ডাক দেয় ১৮-দলীয় জোট। এর সঙ্গে যোগ হয় হরতাল এবং জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির ঘটনায় সহিংসতা।
গত ২৪ ঘণ্টায় অবরোধে ঢাকাসহ ১৪টি জেলায় নাশকতা ও সহিংসতার খবর পাওয়া গেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় ট্রাকচালক আবু মিয়া (৪২) ও তাঁর সহকারী সাইফুল ইসলাম (৩০) দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে গেছে ট্রাকে থাকা সাতটি গরু।
সাতক্ষীরায় একজন নিহত: জামায়াত-শিবিরের কর্মীরা সকাল সাতটা থেকে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা এলাকায় পিকেটিং শুরু করেন। যৌথ বাহিনী ঘটনাস্থলে গেলে পিকেটাররা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। উভয় পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ভ্যানচালক হাফিজুল ইসলাম নিহত হন। তিনি সড়কের পাশে ছিলেন।
গুরুতর আহত হন সাইকেল মিস্ত্রি হারান পাল (৬০)। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবুল গফুর জানান, হারান পালের মাথায় গুলি লেগেছে।
এলাকাবাসী জানান, ঘটনার পর হাফিজুলের লাশ তাঁর পরিবারের সদস্য ও জামায়াত-শিবিরের কর্মীরা রুদ্রপুর বিলের মধ্যে লুকিয়ে রাখেন। পুলিশ বেলা পৌনে তিনটার দিকে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, গুলিবিদ্ধ হয়ে হাফিজুলের মৃত্যু হয়। তিনি শিবিরের কর্মী।
তবে হাফিজুলের ভাই শহীদুল ইসলাম বলেন, হাফিজুলসহ তাঁদের পাঁচ ভাইয়ের কেউই রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। লাশ লুকিয়ে রাখা সম্পর্কে তিনি বলেন, এলাকার লোকজন বলেছিল, পুলিশ লাশ নিয়ে গেলে ফেরত দেবে না। এ জন্য স্থানীয় লোকজন লাশ লুকিয়ে রাখে।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর ইসলামের দাবি, নিহত হাফিজুল জামায়াত-সমর্থক।
দগ্ধ আরেকজনের মৃত্যু: সিরাজগঞ্জে পেট্রলবোমায় আহত ট্রাকচালকের সহকারী মো. মাজেদুল (৩৫) গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। মাজেদুলের বোন মোছাম্মৎ সুমি প্রথম আলোকে এ তথ্য জানান।
২১ ডিসেম্বর নওগাঁ থেকে সবজিবোঝাই ট্রাক নিয়ে কুমিল্লায় যাচ্ছিলেন চালক মোহাম্মদ শাহিন ও সহযোগী মাজেদুল। সিরাজগঞ্জের বানিয়াঘাতী এলাকায় ট্রাকটিতে পেট্রলবোমার হামলা হয়। এতে মাজেদুলের শরীরের ৯০ শতাংশ ও শাহিনের ৭০ শতাংশ পুড়ে যায়। শাহিন বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
নিহত মাজেদুলের গ্রামের বাড়ি নওগাঁর উল্লাসপুরে। স্ত্রী আশরাফুন ও ছয় বছরের ছেলে ইয়ামিনকে নিয়েই ছিল তাঁর সংসার।
আগুনে দগ্ধ দুজন, পুড়ল সাতটি গরু: পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় গতকাল ভোর পৌনে পাঁচটার দিকে চট্টগ্রামগামী একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেন অবরোধকারীরা। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি পার্শ্ববর্তী দি ট্রেডার্স সিন্ডিকেট ফার্নিচার হাউস নামের একটি দোকানে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে আরও দুটি আসবাবের দোকানে। দোকান তিনটি সংলগ্ন আরও তিনটি গুদাম ও সেলিম, মুন্না, ইব্রাহিম, সাইফুলসহ পাঁচজনের বসতঘর পুড়ে গেছে। তবে প্রাণে রক্ষা পান পরিবারের লোকজন।
আগুনে দগ্ধ ট্রাকচালক আবু মিয়া এবং তাঁর সহকারী সাইফুল ইসলামকে গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। চিকিৎসকেরা জানান, সাইফুলের শরীরের ৪১ ভাগ এবং আবু মিয়ার ১০ ভাগ পুড়ে গেছে। দুজনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রলবোমা নিক্ষেপের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। ট্রাকটিতে ২০টি গরু ছিল। পুলিশ জীবিত ১৩টি গরু উদ্ধার করেছে।
কুমিরা ফায়ার সার্ভিস ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসও তাদের সঙ্গে যোগ দেয়। সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দীন জানান, ক্ষতি নিরূপণে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রোকেয়া বেগম বলেন, আগুন নেভানোর জন্য বাড়ির লোকজন বের হতে চেয়েছিলেন। কিন্তু গুলির আওয়াজ পেয়ে তাঁরা আর বের হননি। পরে মসজিদের মাইকে ঘোষণার পর মানুষ এগিয়ে আসেন।
গরুর মালিক আবদুল আজিজ জানান, অবরোধে গাড়ি চলাচল করছে দেখে সোমবার বিকেলে তিনি গরু নিয়ে রওনা হন। তাঁর দাবি, সাতটি গরু মারা যাওয়ায় পাঁচ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর একটির মালিক আলাউদ্দীন সাবেরি। তিনি বলেন, ‘আমার ৩০ বছরের ব্যবসা ধ্বংস করে দিয়েছে। পুড়ে গেছে আড়াই কোটি টাকার সম্পদ, কর্মচারীদের আয়। ঋণ নিয়ে ব্যবসা করছি। কীভাবে শোধ করব, মাথায় আসছে না।’
এর আগে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে আরও চারটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ: কুমিল্লার নাঙ্গলকোটে দুপুরে ১৮-দলীয় জোটের মিছিল থেকে মেয়র মার্কেট এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। পুলিশ এগিয়ে গেলে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের পাঁচজন সদস্য আহত হন। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১০ জন আহত হন। এঁদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় লাঞ্ছিত হয়েছেন সাংসদ মো. জাকির হোসেন। সকালে আওয়ামী লীগের একটি মোটরসাইকেল বহরে হামলা চালান অবরোধকারীরা। খবর পেয়ে সাংসদ ঘটনাস্থলে পৌঁছালে তাঁকে লাঞ্ছিত করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাককে আটক করে। পরে বিরোধী জোটের নেতা-কর্মীরা চারটি মোটরসাইকেল ও একটি ট্রাক ভাঙচুর করেন। এরপর সাংসদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিমিছিল বের করেন। তাঁরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল হাশেম মাস্টারের বাড়িতে হামলা চালান। উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে ভোরে পুলিশ ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন। জেলার কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল জানান, উপজেলার সরাতৈল গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিনভর সশস্ত্র মহড়া দেন। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে প্রশাসনের কর্মকর্তারা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
যানবাহনে ভাঙচুর-আগুন: ঠাকুরগাঁও শহরের বঙ্গবন্ধু সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের একটি পিকআপসহ ১০টি যানবাহন ভাঙচুর করেছেন অবরোধকারীরা। আগুন দেওয়া হয় একটি মোটরসাইকেলে।
রংপুরের মিঠাপুকুরে ভোরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ি এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করে দুটি বাস ভাঙচুর করে জামায়াত-শিবির। ফাটানো হয় একাধিক ককটেল।
পুলিশ পাহারায় সোমবার রাতে পণ্যবাহী কয়েকটি ট্রাক রাজশাহী যাচ্ছিল। পথে নাটোর শহরের হরিশপুর বাইপাসে অবরোধকারীরা দুটি ট্রাক ভাঙচুর করেন। পরে ট্রাকের শ্রমিকেরা একজোট হয়ে অবরোধকারীদের তাড়া করেন। পুলিশও তাঁদের সঙ্গে যোগ দেয় এবং গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মী আহত হন। নাটোর স্টেডিয়ামের সামনে দুটি অটোরিকশা, কিশোরগঞ্জের ভৈরবে ভাঙচুর করা হয়েছে পাঁচটি ইজিবাইক।
ভোলা-চরফ্যাশন সড়কের গুইংগার হাট এলাকায় গতকাল ভোরে চরফ্যাশন থেকে ছেড়ে আসা একটি ধানবোঝাই ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর ফলে তেমন ক্ষতি হয়নি। ভোলা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় একটি থেমে থাকা বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সিলেটের বিশ্বনাথে বিকেলে ছয়টি যানবাহনে ভাঙচুর চালান বিএনপি-জামায়াতের কর্মীরা। এতে টেম্পোচালক আখদ্দুছ আলীসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। এর প্রতিবাদে সন্ধ্যায় মিছিল করেন পরিবহন শ্রমিকেরা। নারায়ণগঞ্জে শহরের মাসদাইরে সকালে তিন-চারটি যানবাহন ভাঙচুর করেন শিবিরের কর্মীরা। জামালপুরের সরিষাবাড়ীতে ভাঙচুর করা হয় দুটি মোটরসাইকেল।
রাজধানীর চিত্র: রাজধানীতে গতকাল যানবাহন চলাচল সোমবারের চেয়ে বেশি ছিল। দুপুর ১২টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ছিল বাস, মিনিবাস, গাড়ি, অটোরিকশা ও হিউম্যান হলারের দীর্ঘ জট। বেলা সাড়ে তিনটার দিকে ফার্মগেটে ছিল একই চিত্র। সকালে যান কিছু কম থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অনেক সড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক পর্যায়ে পৌঁছায়।
গাবতলী বাস টার্মিনাল থেকে সাভার, ধামরাই, মানিকগঞ্জ ও পাটুরিয়ার উদ্দেশে কিছু বাস ছেড়ে গেলেও অন্যান্য গন্তব্যে বাস ছাড়েনি। সায়েদাবাদ টার্মিনাল থেকেও দূরপাল্লার বাস ছাড়েনি।
বিভিন্ন স্থানে বেশ কিছু বিপণিবিতান খোলা দেখা যায়।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ঢাকা জেলা প্রশাসন ভবনের নিচতলায় একজন নির্বাহী হাকিমের আদালতকক্ষে তিন-চারটি বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে ওই কক্ষের দরজার কাচ ভেঙে যায় এবং আদালতের কর্মচারী আবুল কাশেম আহত হন। পায়ে আঘাত পাওয়া কাশেমকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই ভবনের দ্বিতীয় তলায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়।
কোতোয়ালি থানার ওসি শাহ আলম জানান, ওই ঘটনায় এক আইনজীবীর সহকারীকে আটক করে হয়েছে।
ঝটিকা মিছিল: সকাল ছয়টার পর তেজগাঁও, দনিয়া, লালবাগ, পল্লবী ও পুরান ঢাকার কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। পুলিশ পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।]