অবরোধের সমর্থনে গণতান্ত্রিক যুব ফোরামের বিক্ষোভ
গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির সমর্থনে গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে। তিন দফার দাবিতে গণতান্ত্রিক যুব ফোরাম আজ রোববার দুই পার্বত্য জেলায় এ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল।
গতকাল সকালে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকার ঠিকাদার সমিতি ভবনের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর, চেঙ্গী স্কোয়ার, সূর্যশিখা ক্লাব ঘুরে আবারও চেঙ্গী স্কোয়ারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত তিন পাহাড়ি সাংসদকে পাহাড়ের আদিবাসী জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ করা হয়। এর প্রতিবাদে সমাবেশে তারা তিন সাংসদের কুশপুত্তলিকা দাহ করে।
সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা, সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান। গণতান্ত্রিক যুব ফোরামের তিন দফা দাবি হচ্ছে, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, রাঙামাটিতে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার নামে অবৈধ ভূমি বেদখল প্রক্রিয়া বন্ধ করা ও রামগড়ের ম্রেহ্লা প্রু কার্বারীপাড়া থেকে ৫০ পাহাড়ি পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করা।