অবরোধের সুযোগ নিয়ে ছিনতাই
১৮ দলের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন গত মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ি হাট থেকে ফিরছিলেন নছিমনচালক কাউসার আলী।
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোঁচাবাড়ি এলাকায় পৌঁছালে দুই ব্যক্তি হাত তুলে নছিমনের সামনে দাঁড়িয়ে যায়। গাড়ির গতি একটু কমাতেই সড়কের পাশের সেগুনবাগানের ভেতর থেকে লাঠিসোঁটা নিয়ে ‘ধর ধর’ বলে চিৎকার করতে করতে আরও দু-তিনজন ছুটে আসে। গাড়ি থামাতেই ভয় দেখিয়ে চালকের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে চলে যায় তারা।
এভাবে হরতাল-অবরোধকে পুঁজি করে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সড়ক-মহাসড়কে যানবাহন থামিয়ে ছিনতাই চালিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত।
কাউসার বলেন, ওই দলে যারা ছিল, তাদের সবাই বয়স ২০ থেকে ২৫ বছর। প্রথমে তাদের অবরোধ সমর্থনকারী বলে মনে হয়েছিল। কিন্তু টাকা ও মুঠোফোন কেড়ে নেওয়ার পর বুঝতে পারেন, তারা ছিনতাইকারী।
সদর উপজেলার মাধবপুর গ্রামের আবদুল জব্বার বলেন, এক সপ্তাহ আগে সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় আকচা পল্টন এলাকায় কয়েকজন তরুণ তাঁর পথ রোধ করে। তারা মোটরসাইকেলটি পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা ও মুঠোফোন কেড়ে নিয়ে চলে যায়।
ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ খান জানান, পিকেটিংয়ের নামে ছিনতাইয়ের ঘটনা তাঁদের জানা নেই। তবে অবরোধ-হরতাল চলাকালে সড়ক-মহাসড়কগুলো নজরদারিতে রয়েছে।