অবরোধ-হরতালে ফুলচাষিরা লোকসানের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান, পাট বা আলু চাষে ঝুঁকি রয়েছে। কিন্তু ফুল চাষে সেই ঝুঁকি নেই। পাশাপাশি রয়েছে লাভের নিশ্চয়তা। কিন্তু এবার টানা অবরোধ-হরতালের কারণে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ফুলচাষিরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।
এলাকার চার-পাঁচজন ফুলচাষি জানান, গতানুগতিক ধান বা আলু চাষে তেমন কোনো নিশ্চয়তা নেই। এক বছর লাভ হলে কয়েক বছর লোকসান গুনতে হয়। কিন্তু বিকল্প ফুল ও ফুলগাছের চারা চাষে ঝুঁকি অনেক কম। প্রাকৃতিক দুর্যোগ ছাড়া অন্য কোনো আশঙ্কা নেই। তাই কয়েক বছর ধরে সাধারণ ফসল চাষের অনিশ্চয়তা কাটাতে ধান ও আলুর জমিতে ফুল ও ফুলগাছের চারা চাষ শুরু করেছেন চাষিরা। উপজেলার মহাস্থানগড় ও বিহার এলাকায় পাঁচ শতাধিক মানুষ এ চাষের ওপর নির্ভরশীল। গত বছর ২৫০ বিঘায় ফুল চাষ হয়। এবার প্রায় ৪০০ বিঘায় চাষ হচ্ছে।
চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর শীত পড়তেই এলাকায় শুরু হয়ে যায় ফুল ও চারা চাষ। লাভও হয় ভালো। গোলাপ, গাঁদাসহ বিভিন্ন ফুলের চাষই এখন এখানকার চাষিদের জীবিকার প্রধান উৎস। কিন্তু সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারণে সেই ফুল এখন অনিশ্চিত ফসলে পরিণত হয়েছে। কারণ, টানা অবরোধ আর হরতালে ফুল ও চারা দেশের কোথাও পাঠানো যায়নি।
বিহার গ্রামের ফুলচাষি আনোয়ার হোসেন (৪৫) সাত বছর ধরে ফুল ও ফুলগাছের চারা তৈরির কাজ করছেন। কোনোবারই লোকসান হয়নি। তবে গত বছর রাজনৈতিক সহিংসতার কারণে বিক্রি না হওয়ায় খেতেই উৎপাদিত ফুল নষ্ট হয়ে যায়। ফলে তিনি প্রায় এক লাখ টাকা ক্ষতির মুখে পড়েন। এবার তিনি সেই ক্ষতি পুষিয়ে নিতে কোমর বেঁধে মাঠে নামেন। আবহাওয়াও ছিল ফুল চাষের উপযোগী। কিন্তু বাদ সেধেছে টানা অবরোধ-হরতাল। বিক্রি করতে না পারায় গতবারের মতো এবারও খেতেই নষ্ট হয়ে যাচ্ছে ফুল।
গতকাল শুক্রবার দুপুরে মহাস্থান মাঠে কথা হয় ফুলচাষি দুদু মিয়ার (৪৮) সঙ্গে। তাঁর খেতের গাঁদা ফুল নষ্ট হয়ে ঝরে যাচ্ছে। ওই খেতের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘অবরোধ ও হরতালের কারণে বিক্রি করতে না পারায় ফসল খেতেই নষ্ট হয়ে যাচ্ছে। আগে এ রকম সময়ে দেড় বিঘা জমি থেকে ফুল ও ফুলগাছের চারা বিক্রি করে দুই লাখ টাকা আয় করেছিলাম। কিন্তু এ বছর এখনো ৩০ হাজার টাকা ঘরে আসেনি।’
ফুল ব্যবসায়ী তোজাম্মেল হোসেন (৪০) বলেন, হরতাল-অবরোধের কারণে সময়মতো ফুল ও ফুলগাছের চারা বাজারজাত করতে না পারায় এলাকার ফুলচাষি ও ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, ‘গতবার লোকসানের পর এলাকার চাষিরা অনেক আশা নিয়ে এবার ফুল ও চারা চাষ শুরু করেন। কিন্তু ফুল ও চারা বিক্রির ভরা মৌসুমে আবার রাজনৈতিক অস্থিরতা চাষিদের বিপাকে ফেলেছে।’