অবরোধ-হরতালে স্থবির পাবনা বিসিক
টানা অবরোধ ও হরতালে স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) পাবনা শিল্পনগর। কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহনে সমস্যা দেখা দেওয়ায় উৎপাদন কমেছে প্রায় ৪০ শতাংশ। এতে বেকার হয়ে পড়েছেন দুই হাজার শ্রমিক।
বিসিক শিল্পনগরের প্রশাসনিক কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে খাদ্যজাত পণ্য, প্লাস্টিক, টেক্সটাইলসহ বিভিন্ন ধরনের ১৭০টি শিল্প-কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন প্রায় পাঁচ হাজার শ্রমিক। এখানে বছরে গড়ে প্রায় চার হাজার কোটি টাকার পণ্যসামগ্রী উৎপাদন করা হয়।
শিল্পনগরের প্রশাসনিক কর্মকর্তারা জানান, টানা অবরোধ ও হরতালে যানবাহন চলাচল বন্ধ থাকায় অধিকাংশ কারখানায় কাঁচামাল সংকট দেখা দিয়েছে। অন্যদিকে, উৎপাদিত পণ্য সরবরাহ করতেও সমস্যা হচ্ছে। ফলে কারখানাগুলো তাদের উৎপাদন কমিয়ে দিয়েছে।
গত বুধবার দুপুরে সরেজমিন দেখা যায়, স্বাভাবিক সময়ের মতো শিল্পনগরের রাস্তায় ট্রাক-কাভার্ড ভ্যানের জট নেই। নেই শ্রমিকদের কোলাহল, যন্ত্রপাতির শব্দ। হঠাৎ দেখা মিলছে দু-একটি শ্যালো ইঞ্জিনচালিত নছিমন-করিমনের। অল্প মালামাল নিয়ে এগুলো ঢুকছে ও বের হচ্ছে। অধিকাংশ কারখানার এক কোনায় চলছে দুই-একটি যন্ত্র।
শিল্পনগরের প্রিন্স কেমিক্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান জানান, তাঁর প্রতিষ্ঠানটি দেশের পোশাকশিল্প-কারখানায় ব্যবহৃত মার্কার পেনসিল ও টেইলারিং চক উৎপাদনের একমাত্র কারখানা। পোশাকশিল্প-কারখানাগুলো এই পণ্যের ওপর নির্ভরশীল। ভুটান থেকে আমদানি করা পাথর দিয়ে পণ্যটি তৈরি করা হয়। অবরোধের কারণে পাথর সংগ্রহ করা যাচ্ছে না। ফলে কাঁচামাল সংকট ও পণ্য সরবরাহে সমস্যা সৃষ্টি হওয়ায় কারখানার ৭০ শতাংশ উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। এতে ১৬০ জন শ্রমিকের মধ্যে ৭৫ জনকে সাময়িকভাবে কাজে আসতে নিষেধ করা হয়েছে। যে পরিমাণ কাঁচামাল মজুত রয়েছে, তাতে হয়তো আর দুই দিন কারখানা চলবে। এরপর পুরো উৎপাদন বন্ধ করে দিতে হবে।
আলিফ প্লাস্টিক অ্যান্ড প্যাকেজিং কারখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, তাদের প্রতিষ্ঠান বিভিন্ন নামীদামি প্রতিষ্ঠানের প্লাস্টিকের বোতল তৈরি করে। অবরোধের আগে তিন পালায় এগুলো তৈরি করা হতো। কিন্তু অবরোধ শুরুর পর থেকে বোতলের চাহিদা কমে গেছে। এখন এক পালায় কাজ চালানো হচ্ছে। কাজ কমে যাওয়ায় ৩০ জন শ্রমিকের মধ্যে ১০ জন ছাঁটাই করা হয়েছে।
জেলা সদরের কাশিপুর মহল্লার শিরিনা খাতুন জানান, তিনি দিনে ৯০ টাকা হাজিরায় কাজ করেন। এই টাকা দিয়েই তাঁর চারজনের সংসার চলে। তাঁর মতো অনেককেই একইভাবে সংসার চলাতে হয়। ফলে যাঁদের কাজ বন্ধ হয়েছে তাঁরা খুব কষ্টে আছেন।
পাবনা বিসিক শিল্পনগরের প্রকল্প পরিচালক জিতেন্দ্র নাথ পাল বলেন, বিসিকি শিল্পনগর বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে চলে। এর মধ্যে সবচেয় গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবহন। পরিবহন বন্ধ থাকলে কারখানা বন্ধ থাকে। যে অবস্থা দাঁড়িয়েছে এভাবে চলতে থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে অধিকাংশ কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। সর্বশেষ হিসাব অনুযায়ী গড়ে প্রায় ৪০ শতাংশ উৎপাদন কমে গেছে।