অবশিষ্ট ১৫ কেজি চাল পেলেন সেই ৩১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল কম পাওয়া ৩১ জনকে আরও ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। গত শনিবার উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সুতিয়ারপার গ্রামে তাঁদের মধ্যে এ চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উপজেলায় ১৪ হাজার ৭১৭ জন কার্ডধারীকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। গত বুধ ও বৃহস্পতিবার উপজেলা খাদ্যগুদাম থেকে ৪৪০ মেট্রিক টন চালের বিপরীতে ২২০ মেট্রিক টন চাল সরবরাহ করা হয়। শুক্রবার কাকরকান্দি ইউনিয়নের সুতিয়ারপার বাজারের ডিলার আমিনুল ইসলাম ৩১ জন কার্ডধারীকে ১৫ কেজি করে চাল দেন। অবশিষ্ট ১৫ কেজি পরে দেওয়া হবে বলে কার্ডধারীদের জানানো হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমানের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় ওই ৩১ জন কার্ডধারীকে আরও ১৫ কেজি করে চাল দেওয়া হয়। সুষ্ঠুভাবে চাল বিতরণের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক, ইউএনও ও খাদ্যগুদামের কর্মকর্তাদের উপস্থিতিতে ৩০ কেজি চালের প্যাকেট করার কাজ শুরু হয়েছে। এ জন্য শনিবার থেকে সাময়িকভাবে চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে।

ইউএনও বলেন, ভুল করে ৩০ কেজির স্থলে ওই ডিলার ৩১ জন কার্ডধারীর মধ্যে ১৫ কেজি করে চাল বিতরণ করেছিলেন। তাঁদের আরও ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। ৩০ কেজি ওজনের প্যাকেট করার কাজ চলছে। ঈদের পর আবারও চাল বিতরণ করা হবে।