অবশেষে অপু হত্যা মামলার শুনানি শুরু
অবশেষে কলেজছাত্র আশেকুর রহমান খান ওরফে অপু হত্যা মামলার শুনানি শুরু হয়েছে। গতকাল বুধবার এ মামলায় আসামিপক্ষের আইনজীবী মাহবুব আহমেদ যুক্তিতর্ক শুনানি শুরু করেন। আজ বৃহস্পতিবার বাকি যুক্তিতর্ক শুনানির জন্য রয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন শুনানি গ্রহণ করেন।আদালত সূত্র জানায়, গতকাল বুধবার মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন দাখিল করার কথা ছিল। কিন্তু গত মঙ্গলবার মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসায় প্রত্যাহারের আবেদন করেননি রাষ্ট্রপক্ষের আইনজীবী।এই আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘হত্যা মামলা “রাজনৈতিক” বলে প্রত্যাহার হচ্ছে!’ শিরোনামে গত সোমবার খবর প্রকাশিত হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে মঙ্গলবার বিকেলে তাঁকে জানানো হয়, মামলাটি প্রত্যাহারের আবেদন যেন না করা হয়। মামলাটি নিজস্ব গতিতেই চলবে। তাই ফের শুনানি শুরু হয়েছে।পেশাদার সন্ত্রাসীরা ১২ লাখ টাকা চাঁদার দাবিতে ২০০৮ সালের ২৩ মে সন্ধ্যায় বাড়িতে ঢুকে অপু ও তার তিন ভাইকে মারধর ও গুলি করে। এতে অপু মারা যায়। এ ঘটনায় অপুর বোন আতিয়া খান বাদী হয়ে সূত্রাপুর থানায় এ মামলা করেন।