অবশেষে অব্যাহতি পেলেন সেই পোশাকশ্রমিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে অব্যাহতি পেলেন পোশাকশ্রমিক মো. সোরহাব। গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম নির্মলেন্দু দাসের আদালতে শুনানি শেষে তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়। সোহরাবের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. আসাদুল্লাহ বাদল।
গত ২৩ জুলাই টঙ্গী বাজারের একটি সিএনজি স্টেশনের সামনে থেকে মিথ্যা অভিযোগে সোহরাবকে আটক করে পুলিশ। গত ২৬ জুলাই প্রথম আলোয় ‘একজন পোশাকশ্রমিক ও পুলিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
আসাদুল্লাহ বাদল জানান, সোহরাবকে আটক দেখিয়ে মামলার এজাহারে পুলিশ উল্লেখ করেছিল, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। কিন্তু তিনি ২০০৮ সাল থেকে রাবাব ফ্যাশনস পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আটকের পর তিনি ১২ দিন হাজতবাস করেন। পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এর কিছুদিন পর পুলিশ চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে।