অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর গতকাল শনিবার কুমিল্লা মডার্ন হাইস্কুলের অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের প্যানেল সব কয়টি পদে জয়লাভ করে। অন্যদিকে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আফজল খানের প্যানেল পরাজিত হয়।
নির্বাচনে বিজয়ীরা হলেন সাধারণ অভিভাবক শ্রেণিতে জমির উদ্দিন খান, এ কে এম রিয়াজ উদ্দীন, সারোয়ার ফরহাদ ও হাসান রফি। সংরক্ষিত মহিলা অভিভাবক শ্রেণিতে মাহাবুবা আক্তার, সাধারণ শিক্ষক শ্রেণিতে রাসেল উদ্দিন মজুমদার ও জাহাঙ্গীর আলম এবং মহিলা শিক্ষক শ্রেণিতে সৈয়দা রোকেয়া বেগম।
প্রিসাইডিং কর্মকর্তা ও আদর্শ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, ৫ হাজার ৮২৬ জন ভোটারের মধ্যে ৩ হাজার ভোটার ভোট দেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই ভোট গ্রহণ হয়।
১৯৯৩ সালে কুমিল্লা মডার্ন হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আফজল খান এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারীদের সঙ্গে এ নিয়ে আইনি লড়াই চলছিল। এক পক্ষ উচ্চ আদালত থেকে নির্বাচনের রায় নিয়ে আসে। আরেক পক্ষ ওই আদেশ স্থগিত করায়। এ নিয়ে কয়েক দফা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। অবশেষে গতকাল ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাংসদের অনুসারীরা সব কটি পদে জয়ী হন। রাজনীতির বাইরে এই বিদ্যালয় নিয়ে দুই নেতার লড়াই চলছিল দীর্ঘদিন। বিদ্যালয়টিতে অন্তত ৬ হাজার শিক্ষার্থী রয়েছে।