মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর বগুড়ার শাজাহানপুরে সহিংসতার ঘটনায় করা মামলায় এই প্রথম অভিযোগপত্রে জামায়াতে ইসলামীর নেতা ও উপজেলা চেয়ারম্যান ইয়াছিন আলীর নাম এল। এতে ইয়াছিন ও তাঁর বড় ছেলে রবিউল হাসানসহ ৩১ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া শাজাহানপুর উপজেলায় বিভিন্ন সময়ে নাশকতার অভিযোগে গতকাল মঙ্গলবার ইয়াছিন আলীর ছোট ছেলে সুমন মিয়াকেও আটক করেছে পুলিশ।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা সাঈদীর ফাঁসির রায়ের পর ৩ মার্চ শাজাহানপুর থানায় হামলা, ভাঙচুরসহ বিভিন্ন সহিংসতার ঘটনার পরিকল্পনাকারী হিসেবে ইয়াছিন আলীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এসব ঘটনায় করা পাঁচটি মামলায় এর আগে তিনটি অভিযোগপত্র দেওয়া হলেও ইয়াছিন আলীকে আসামি করা হয়নি। এর মধ্যে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি ইয়াছিন আলী।
এই মামলার অভিযোগপত্র থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম পাঁচ শতক জমি ঘুষ নেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে গত সোমবার প্রথম আলোতে ‘ছি ছি ওসি’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়। ইতিমধ্যে ওসির বিরুদ্ধে অভিযোগের তদন্তও শুরু করেছে পুলিশ।
গতকাল জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘গত ৩ মার্চ শাজাহানপুর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় ইয়াছিন আলী, তাঁর বড় ছেলে রবিউল হাসানসহ ৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় করা মামলার অভিযোগপত্রও শিগগির দেওয়া হবে। এ ছাড়া তাঁর ছোট ছেলে সুমন মিয়াকে সকালে শাজাহানপুরের বাড়ি থেকে আটক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় নাশকতার ঘটনায় তিনি জড়িত।’
ওসির বিরুদ্ধে অভিযোগের তদন্ত সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করেছে। তারা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দেবেন।’
ওসির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে গঠিত দুটি তদন্ত কমিটির একটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা মঙ্গলবার (গতকাল) ওসির সঙ্গে কথা বলেছি। তাঁর ভাষ্য নিয়েছি। রাজশাহী ডিআইজি কার্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধানও কথা বলেছেন। দুটো কমিটিই একসঙ্গে কাজ করছে।’
ওসি মাহমুদুল আলমের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ তদন্তে সোমবারই দুটি কমিটি গঠন করা হয়। এ ছাড়া বগুড়া থেকে তাঁকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ঢাকায় পুলিশ সদর দপ্তরে চিঠিও পাঠানো হয়।