চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের তল্লাশি চলাকালে গত মঙ্গলবার এক ব্যক্তির কাছ থেকে ৫৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় অর্থ পাচার আইনে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর তল্লাশি চালাতে গিয়ে ইলিয়াছ ভুঁইয়া (৩২) নামের ওই ব্যক্তিকে ৫৮ লাখ টাকাসহ আটক করে পুলিশ। নগরের কোতোয়ালি থানার পুলিশ ইলিয়াছকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করে। নিয়মিত মামলা না করা এবং জব্দ তালিকায় মুঠোফোনের কথা উল্লেখ না করায় পুলিশকে কারণ দর্শাতে বলেন আদালত।
পুলিশ সূত্র জানায়, গত রোববার রাতে ইলিয়াছকে আসামি করে নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান মামলাটি করেন। জব্দ তালিকায় ইলিয়াছের কাছ থেকে উদ্ধার করা মুঠোফোনের কথাও উল্লেখ করা হয়েছে। তবে এজাহারে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শহীদুল ইসলাম ওরফে মুরাদের কথা উঠে এলেও মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে আসামির কলামে তাঁর নাম উল্লেখ করা হয়নি।
মামলাটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় দুদকই এর তদন্ত করবে বলে পুলিশ জানিয়েছে। দুদকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, মামলার এজাহারের অনুলিপি পাওয়ার পর তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হবে। এরপর তদন্ত শুরু হবে।
এদিকে গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের লিখিত ব্যাখ্যা দেয় পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, আদালতের কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়া হয়েছে। আদালত জবাবে সন্তুষ্ট হয়েছেন।