অবশেষে অর্ধেকে নামল বাসভাড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী থেকে তালতলী হয়ে ফকিরহাট পর্যন্ত সবগুলো পথে বাসভাড়া অবশেষে অর্ধেকে নামিয়ে আনলেন মালিকেরা। গতকাল সোমবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এ বিষয়ে মাইকিংও করা হয়।
স্থানীয় কয়েকজন যাত্রী জানান, বাসে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে এ অঞ্চলের যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ ছিল। ভাড়া কমানোর জন্য যাত্রীদের পক্ষ থেকে মানববন্ধন পালনসহ কয়েক দফায় স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু কোনো ফল হয়নি। এ ছাড়া এই পথে চলাচলকারী বাসগুলো বেশ পুরোনো। যাত্রীসেবার মান খুবই নিম্নমানের। এ ছাড়া প্রতিনিয়ত বাসশ্রমিকদের হাতে যাত্রীদের নানাভাবে নিগৃহীত হতে হতো। এখন আর না ঠেকলে বাসে উঠতে চায় না কেউ। বেশির ভাগ যাত্রীই এখন তিন চাকার যান (থ্রি হুইলার) ও ভাড়ায়চালিত মোটরসাইকেলে যাতায়াত করেন। ফলে বাসমালিকদের ব্যবসা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এ নিয়ে বাসমালিক ও শ্রমিকদের সঙ্গে তিন চাকার যানের শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলা পর্যন্ত হয়। বাস মালিক-শ্রমিকেরা ধর্মঘট করেছেন। কিন্তু ছোট যানবাহনগুলোকে কোণঠাসা করতে না পারায় বাসমালিকেরা যাত্রীদের আকৃষ্ট করতে হঠাৎ বাসের ভাড়া অর্ধেকে নামিয়ে আনার কৌশল নিয়েছেন।
বাসমালিকদের সূত্র জানায়, আমতলী-তালতলী-ফকিরহাট পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কে বাসভাড়া কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। গতকাল সকাল থেকে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে। সূত্র জানায়, আমতলী থেকে ফকিরহাট ৪০ কিলোমিটার সড়কে আগে ৮০ টাকা নেওয়া হতো। বর্তমানে তা কমিয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আমতলী-তালতলী ৩০ কিলোমিটার সড়কে আগের ৬০ টাকার স্থলে কমিয়ে ভাড়া ৩০ টাকা করা হয়েছে। একই ভাবে আমতলী-কড়াইবাড়িয়া ২০ কিলোমিটারে ৪০ টাকার স্থলে ২০ টাকা, আমতলী-কচুপাত্রা ১২ কিলোমিটারে ২৫ টাকার স্থলে ১৫ টাকা, আমতলী-আড়পাঙ্গাশিয়া ৮ কিলোমিটারে ১০ টাকার স্থলে ৫ টাকা এবং আমতলী-মানিকঝুঁড়ি ৬ কিলোমিটার সড়কে আগে ৫ টাকা নেওয়া হলেও এখন বিনা ভাড়ায় যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়েছে।