ঢাকার ধামরাই বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল বুধবার রাতে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার আটটি পদে এ নির্বাচন হওয়ার কথা ছিল।
এ বিষয়ে নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, বিদ্যালয়টির নির্বাচন নিয়ে বিব্রতবোধ করায় তিনি প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেন। কিন্তু ওই চিঠি গৃহীত না হওয়ায় তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ চেয়ে আবেদন করেন। এরপরও পরিস্থিতি অনুকূলে না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তিনি নির্বাচন স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছেন।
তবে শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কয়েকজন প্রার্থী বলেছেন, নানা ভয়ভীতির মুখে তাঁদের প্রার্থিতা প্রত্যাহারে ব্যর্থ হয়ে পরাজিত হওয়ার আশঙ্কায় আগের কমিটি বহাল রাখতে নির্বাচন স্থগিত করানো হয়েছে।
এই নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ধামরাইয়ে উত্তেজনা বিরাজ করছে। সন্ত্রাসীরা জোর করে কয়েকজন প্রার্থীর কাছ থেকে প্রত্যাহারপত্রে সই নিয়ে তাঁদের নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করেছে। এই প্রার্থীরা সবাই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সাংসদ এম এ মালেকের স্ত্রী মিনা মালেকের অপছন্দের লোক হিসেবে পরিচিত। তাঁদের একজনের মনোনয়ন প্রত্যাহার করাতে সক্ষম হলেও অন্যরা বিষয়টি ফাঁস করে দেওয়ায় শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
নির্বাচন-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, নির্বাচনে শিক্ষক প্রতিনিধি পদে ছয়জন, অভিভাবক প্রতিনিধি পদে সাতজন ও সংরক্ষিত নারী অভিভাবক প্রতিনিধি পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে শিক্ষক প্রতিনিধি পদে সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সামসুর রহমান ও সুরমা বেগম আর অভিভাবক পদে তারেক রহমান, দেওয়ান মোয়াজ্জেম ও বাতেন চৌধুরী এবং সংরক্ষিত নারী অভিভাবক পদে মমতা বেগম লড়ছেন। তাঁরা সবাই মিনা মালেকের অপছন্দের প্রার্থী। আর শিক্ষক প্রতিনিধি পদে সহকারী শিক্ষক সুনীল চন্দ্র পাল, মোস্তফা মাহবুব মনির চৌধুরী ও সামসুন্নাহার, অভিভাবক প্রতিনিধি পদে বাবুলাল রাজবংশী, বিল্লাল হোসেন, মো. মোন্তাজ উদ্দিন ও কমল চন্দ্র বিশ্বাস এবং সংরক্ষিত নারী অভিভাবক পদে রওশন আরা মিনা মালেকের পছন্দের প্রার্থী হিসেবে পরিচিত।
শিক্ষক আনোয়ার হোসেনের অভিযোগ, মিনা মালেকের ইচ্ছার বিরুদ্ধে প্রার্থী হওয়ায় একদল সন্ত্রাসী মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন ১৩ মার্চ সন্ধ্যায় তাঁর বাসায় গিয়ে সাদা কাগজে সই নেওয়ার চেষ্টা করে। তিনি এতে রাজি না হলে মিনা মালেক মুঠোফোনে চাপ প্রয়োগ করে তাঁকে প্রত্যাহারপত্রে সই দিতে বাধ্য করেন। পরে অবশ্য স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে সন্ত্রাসীরা ওই প্রত্যাহারপত্র জমা দিতে ব্যর্থ হয়।
সামসুর রহমান ও বাতেন চৌধুরী অভিযোগ করেন, সন্ত্রাসীরা তাঁদের বাসায় গিয়ে তাঁদের মারধরের চেষ্টা করেছেন। ভয়ে তাঁরা অনেকটা আত্মগোপনে ছিলেন।
তারেক রহমান ও দেওয়ান মোয়াজ্জেম বলেন, তাঁদের কাছ থেকেও প্রত্যাহারপত্রে সই নেওয়া হয়েছিল। পরে বিষয়টি ফাঁস হয়ে গেলে তাঁদের প্রার্থিতা প্রত্যাহারের চেষ্টা ব্যর্থ হয়।
অভিভাবক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র তুলে জমা দিয়েছিলেন ব্যবসায়ী মনিরুজ্জামান। তিনি বলেন, তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে সই নিয়ে তাঁকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে।
মিনা মালেক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্কুলের পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। কেউ আইনের ঊর্ধ্বে না। আইনের মধ্যে থেকেই সব হবে।’