অবশেষে আইনি সহায়তা পাচ্ছেন গোলক বিশ্বাস
রাজধানীর মোহাম্মদপুর থেকে প্রায় তিন মাস আগে চুরির মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন গোলক চন্দ্র বিশ্বাস (৫৫)। ওই মামলার অন্য পাঁচ আসামি জামিন পেলেও আইনজীবী নিয়োগ করতে না পারায় জামিনের আবেদনও করতে পারেননি তিনি। দিন কাটছে কাশিমপুর কারাগারে।
অবশেষে আইনগত সহায়তা পেতে যাচ্ছেন গোলক বিশ্বাস। তিনি গত ২৯ মার্চ গ্রেপ্তার হন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের সূত্র বলেছে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গত রোববার কাশিমপুর কারাগার পরিদর্শনে গেলে তাঁকে নিজের কথা জানান গোলক। পৃথক মামলায় কারাগারে আটক আরও তিনজন অভিযোগ করেন, মামলা কী অবস্থায় আছে, তাঁরা তা জানেন না। প্রধান বিচারপতি এসব অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়কে নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার কার্যালয় গতকাল মঙ্গলবার ঢাকার নিম্ন আদালতে মামলাগুলোর অবস্থা জানতে চায়। আদালত থেকে জানানো হয়, গোলকের পক্ষে জামিনের আবেদন করা হয়নি। এরপর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত গোলকের বিষয়ে জাতীয় আইনি সহায়তা প্রদান সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। পরে সংস্থার জেলা আইনি সহায়তা কর্মকর্তা সাব্বির মাহমুদ চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে গোলকের আবেদন পাঠাতে চিঠি দিয়েছেন।
সুপ্রিম কোর্টের উপ-রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিন গতকাল প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতির নির্দেশনার আলোকে গোলক বিশ্বাসসহ চারজনের মামলার বিষয়ে মুখ্য মহানগর হাকিম আদালতকে খোঁজ নিতে বলা হয়। পাশাপাশি এ মামলাগুলোর বিচার কার্যক্রমে যাতে অহেতুক বিলম্ব না হয়, তা-ও দেখতে বলা হয়। তিনি বলেন, জানা গেছে, একটি চুরির মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার হন গোলক বিশ্বাস। তিনি গরিব হওয়ায় আইনজীবী দিতে পারেননি, তাই জামিনের আবেদনও করতে পারেননি। তাই তাঁকে আইনগত সহায়তা দিতে জাতীয় আইনি সহায়তা প্রদান সংস্থাকে বলা হয়েছে। ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রেজিস্ট্রার কার্যালয়কে জানানো হয়েছে। বাকি তিনটি মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে বলে জানা গেছে।
মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখার সূত্র বলেছে, মোহাম্মদপুরের বাঁশবাড়ী রোডের একটি বাড়িতে চুরির ঘটনায় ২০১৫ সালের ১৮ জানুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়। ওই মামলায় গোলকসহ ছয়জনকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গোলক ছাড়া বাকি পাঁচজন জামিনে মুক্তি পেয়েছেন। মামলাটি তদন্ত করছে ডিবি।
অপর যে তিনটি মামলার বিষয়ে খোঁজ নেওয়া হয় তার মধ্যে একটি অস্ত্র আইনে, একটি দ্রুত বিচার আইনে ও একটি দণ্ডবিধির মামলা।