অবশেষে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঝুট ব্যবসায়ী জিয়াউল হককে পিটিয়ে হত্যা করার ঘটনায় অবশেষে আওয়ামী লীগের নেতা মোশারফ ওমরের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। জিয়াউলের বাবা সামসুদ্দিন জানান, ১০ এপ্রিল কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপের শ্রমিক বিক্ষোভের সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ ওমরের নির্দেশে শ্রমিক নামধারী সন্ত্রাসীরা জিয়াউলকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পরের দিন তিনি মোশারফ ওমরকে প্রধান আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ তাঁর মামলাটি নথিভুক্ত না করে সাদা কাগজে স্বাক্ষর রেখে অজ্ঞাতনামা শ্রমিকদের নামে একটি মামলা করে। সামসুদ্দিন জানান, এ নিয়ে ১২ এপ্রিল প্রথম আলোতে ‘সোনারগাঁয়ে মামলা পাল্টে দেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে পুলিশ তাঁকে খবর দেন। পুলিশ থানায় নথিভুক্ত করা ওই মামলাটির সঙ্গে আরও একটি মামলা করার অনুরোধ জানায়। পরে গত ১৩ এপ্রিল রাতে তিনি আওয়ামী লীগের নেতা মোশারফ ওমরের বিরুদ্ধে দুটি অভিযোগ জমা দেন। একটি অভিযোগে জিয়াউলের হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে মোশারফ ওমর ও আওয়ামী লীগের সমর্থক জাহাঙ্গীর ও মতিনের নাম উল্লেখ করেন সামসুদ্দিন। অপর অভিযোগে ঘটনার দিন মোশারফ ওমর তাঁর ওপর হামলা করে তাঁকে লাথি দিয়ে পুকুরে ফেলে দিয়ে আহত করেছেন বলে উল্লেখ করেন। মামলার তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ঝুট ব্যবসায়ী জিয়াউল হককে হত্যার ঘটনায় আওয়ামী লীগের নেতা মোশারফ ওমরের নাম সংযোজন করে বাদী সামসুদ্দিন আবেদন করেছেন। তাঁর আবেদনপত্রের একটি অনুলিপি গত শুক্রবার নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে। আজ রোববার আদালত এ ব্যাপারে মতামত দেবেন। এসআই জহিরুল জানান, সামসুদ্দিন তাঁর নিজের ওপর হামলা হয়েছে উল্লেখ করে যে অভিযোগ দিয়েছেন, তা মামলা হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে।