অবশেষে আত্মসাতের টাকা ফেরত দিলেন কাউন্সিলর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার কাউন্সিলর জগদীশ বর্মণ চার মাস পর গতকাল বৃহস্পতিবার আত্মসাতের টাকা ফেরত দিয়েছেন। তাঁর বিরুদ্ধে মন্দির উন্নয়নের নামে বরাদ্দ নেওয়া দুই টন চাল আত্মসাৎ করার অভিযোগ ওঠে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তদারকিতে অবশেষে চার মাস পর ওই চালের মূল্য বাবদ প্রায় ৭০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে বাধ্য হয়েছেন ওই কাউন্সিলর। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ স্থানীয় বর্মণ পাড়ায় অবস্থিত ‘নবীনগর বর্মণ পাড়া মন্দির’-এর উন্নয়নের জন্য ২০১২-১৩ অর্থবছরে টি আর প্রকল্পের আওতায় দুই টন চাল বরাদ্দ নেন। কিন্তু অভিযোগ ওঠে, জগদীশ ওই চালের টাকায় মন্দিরের উন্নয়নকাজ না করে পুরো টাকা আত্মসাৎ করেন। এ খবর পেয়ে ইউএনও নাজিম উদ্দীন সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। পরে ইউএনওর নির্দেশে ওই কাউন্সিলর গতকাল ট্রেজারি চালানের মাধ্যমে ওই চালের মূল্য বাবদ মোট ৬৮ হাজার ৩৯০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেন। অভিযুক্ত জগদীশ বলেন, ‘আমি আত্মসাৎ করিনি। এটি ষড়যন্ত্র। মন্দিরের নামে আগেই কিছু টাকা জমা ছিল, আরও কিছু টাকা জমা হওয়ার কথা রয়েছে। ভেবেছিলাম, সব টাকা একত্র করে মন্দিরের সংস্কারকাজ শুরু করব। কিন্তু এর আগেই টাকাটা ফেরত নিয়ে নিলেন।’ইউএনও নাজিম উদ্দীন বলেন, সরকারি পরিপত্র অনুযায়ী বরাদ্দ হওয়া দুই টন চালের উন্নয়নকাজ সঠিক সময়ে বাস্তবায়ন না হওয়ায় ওই টাকা নিয়ম অনুযায়ী ফেরত নেওয়া হয়েছে। এ ছাড়া ওই কাউন্সিলরের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।