অবশেষে আদাবর ও টোলারবাগে হচ্ছে এসটিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে জমি ব্যবহারের অনুমতি পাওয়ায় আদাবরে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের নির্মাণকাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন l প্রথম আলো
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে জমি ব্যবহারের অনুমতি পাওয়ায় আদাবরে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের নির্মাণকাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন l প্রথম আলো

সরকারের অন্য সংস্থার কাছ থেকে জায়গা ব্যবহারের অনুমতি পাওয়ার পর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আদাবর ও টোলারবাগ এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের কাজ শুরু করেছে। বর্তমানে আদাবর ও টোলারবাগ এলাকায় এসটিএস না থাকায় বাসাবাড়ি থেকে আনা ময়লা প্রধান সড়কের ওপরে কনটেইনারে রাখা হচ্ছে।
এসব এলাকার অন্তত ছয়টি স্থানে সড়কের ওপরে ময়লার কনটেইনার রাখা হয়। এসব কনটেইনারের কারণে সড়ক সরু হয়ে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ময়লার দুর্গন্ধে যাত্রী-পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই মাসের শেষের দিকে আদাবর ও টোলারবাগ এসটিএস চালু হলে সড়কে থাকা কনটেইনার সরিয়ে নেওয়া হবে।
বাসাবাড়ি থেকে আনা ময়লা-আবর্জনা অস্থায়ীভাবে রাখার জন্য ডিএনসিসি বিভিন্ন ওয়ার্ডে এসটিএস নির্মাণ করেছে। ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে চালু হয়েছে ৪১টি ময়লা রাখার ঘর। এসটিএস চালু হওয়ায় ওই সব এলাকার সড়ক থেকে ময়লার কনটেইনার সরিয়ে নেওয়া হয়েছে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ডিএনসিসির মোহাম্মদপুর এলাকার ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের এসটিএস বানানোর জন্য স্থান নির্ধারণ করা হয় মোহাম্মদপুর এফ ব্লকের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিম্ন আয়ের জনগণের জন্য নির্মাণাধীন ফ্ল্যাট প্রকল্পের সামনে। দীর্ঘদিন আলোচনার পর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ জায়গা ব্যবহারের অনুমতি দেওয়ায় সেখানে এসটিএসের নির্মাণকাজ শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার দেখা যায়, গৃহায়ণ কর্তৃপক্ষের ফ্ল্যাট প্রকল্পের সামনে এসটিএসের দেয়াল তৈরি ও ফটক নির্মাণের কাজ শেষ। চলছে ছাদ নির্মাণের কাজ। প্রায় দুই কাঠা জায়গার ওপর নির্মাণাধীন এই এসটিএস চার হাজার বর্গফুটের।
এসটিএসের সামনেই ডিএনসিসির ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মীরা বাসাবাড়ির ময়লা এনে সড়কের ওপরে ফেলছেন। এখানে ছাড়াও শ্যামলী রিং রোডে শ্যামলী ক্লাব মাঠের সামনে এবং জনতা হাউজিং লিমিটেডের প্রবেশপথের পাশ সড়কজুড়ে এই দুই ওয়ার্ডের বাসাবাড়ির ময়লা-আবর্জনা রাখা হয়। এসব কনটেইনারের কারণে সড়ক সরু হয়ে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ময়লার দুর্গন্ধে যাত্রী-পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
টোলারবাগেও হচ্ছে এসটিএস: মিরপুরে প্রিন্সিপাল আবুল কাশেম সড়কের আনসার ক্যাম্প এলাকায় সরকারি এ-টাইপ কলোনির সামনের প্রধান সড়কে প্রায় ১০০ গজ জায়গাজুড়ে ময়লা রাখা হয়। আশপাশের এলাকা থেকে ময়লা এখানে ফেলা হয়। সিটি করপোরেশনের ময়লার গাড়ি এসে পরিষ্কার করার আগে পর্যন্ত এখানেই পড়ে থাকে। পথচারী ও রিকশাযাত্রীরা নাক চেপে চলছেন।
সরকারি এ-টাইপ কলোনির সামনের সড়কের এই ময়লা সরাতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনে আবেদন করছিলেন। অবশেষে টোলারবাগ আবাসিক এলাকার প্রবেশমুখেই একটি এসটিএস নির্মাণের কাজ শুরু করেছে ডিএনসিসি। এই এসটিএসে এ-টাইপ কলোনির সামনের সড়কে রাখা ময়লার কনটেইনার সরিয়ে নেওয়া হবে।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, প্রতিটি ওয়ার্ডে দুটি সেকেন্ডারি স্টেশন করার কথা।