অবশেষে আলতাফের লাশ ফেরত দিল বিএসএফ
মৃত্যুর প্রায় চার সপ্তাহ পর রাখাল আলতাফ হোসেনের (২২) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর হাটখোলা-সংলগ্ন সোনাই নদীর তীরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আলতাফের লাশ হস্তান্তর করা হয়। নিহত আলতাফের মামা কবির হোসেন লাশ শনাক্ত করেন।এর আগে গত শুক্রবার লাশ হস্তান্তর নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। বাংলাদেশের পক্ষে ছিলেন কলারোয়া উপজেলায় অবস্থিত বিজিবি মাদরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সুলতান হোসেন, কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ইয়াছিন মোল্যা, কলারোয়া থানার সহকারী উপপরিদর্শক নীতেশ কুমার প্রমুখ।সাতক্ষীরা বিজিবি-৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু নাছির লাশ হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন। গত ২ জুলাই ভোরে গরু নিয়ে ফেরার পথে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের বশিরহাট মহকুমার স্বরূপনগর থানার তারালি এলাকায় বিএসএফ সদস্যদের গুলিতে আলতাফ নিহত হন। তাঁর বাড়ি কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে। ওই দিনই বিজিবির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ ও লাশ ফেরত চেয়ে বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়।