অবশেষে আলুচাষি ও ব্যবসায়ীদের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার চাষি ও ব্যবসায়ীরা শেষ সময়ে এসে আলুর ভালো দাম পাচ্ছেন। ফলে হিমাগার কর্তৃপক্ষ ও আলু সংরক্ষণকারীরা বড় ধরনের লোকসানের হাত থেকে রক্ষা পেয়েছেন। আলুচাষি ও ব্যবসায়ীদের মুখে ফুটেছে হাসি। আলু চাষ বাড়ারও সম্ভাবনা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি বছর উপজেলায় ১২ হাজার ৬০০ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়। ফলনও ভালো হয়। কিন্তু সরকারি হিমাগারে জায়গা কম থাকায় চাহিদামতো আলু সংরক্ষণ করতে পারেননি চাষিরা। তাই তাঁরা বাড়িতেই আলু সংরক্ষণ করেন। তা ছাড়া অক্টোবর পর্যন্ত আলুর দাম না বাড়ায় অনেক কৃষক ও ব্যবসায়ী লোকসান দিয়ে আলু বিক্রি করেন। সে সময় উপজেলার পাঁচটি হিমাগারের ৭০ শতাংশ আলু বিক্রি করা হয়। কৃষকেরা বস্তাপ্রতি ৭০০ থেকে ৭৫০ টাকা লোকসান দেন। তবে চলতি মাসের শুরু থেকে আলুর দাম বাড়তে শুরু করে। অস্বাভাবিকভাবে দাম বাড়ার কারণে হিমাগারে আলু সংরক্ষণকারীদের মুখে হাসি দেখা দেয়। তবে যাঁরা আগে বিক্রি করেছেন, তাঁদের গুনতে হয় মোটা অঙ্কের লোকসান।
আলু ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, তিনি এক হাজার ৩৫০ টাকা দরে ২০০ বস্তা আলু কিনে কোরবানির ঈদের দুই দিন আগে তা ৬৬০ টাকা দরে বিক্রি করেন। কৃষক মোশারফ হোসেন বলেন, তিনিও প্রতি বস্তায় ৬৫০ টাকা লোকসান দিয়ে ১৫০ বস্তা আলু বিক্রি করেন। তবে এখন দাম বাড়ায় তাঁর কোনো লাভ হয়নি। তাঁর মতো অনেক চাষি ও ব্যবসায়ীরও একই অবস্থা।
কয়েকজন আলু ব্যবসায়ী জানান, আলুর দাম কমে যাওয়ায় তাঁরা হতাশ হয়েছিলেন। তবে ঝুঁকি নিয়ে আলু সংরক্ষণ করে লাভের মুখ দেখছেন।
আলু ব্যবসায়ী আফজাল হোসেন জানান, অক্টোবর পর্যন্ত ডায়মন্ড জাতের আলু ৬৫০ টাকায় বিক্রি হলেও এখন এক হাজার ১৫০ টাকা, দেশি জাতের ৮০০ টাকার স্থলে এক হাজার ৬০০ এবং বার্মা জাতের আলু ৭৫০ টাকার স্থলে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে আলু সংরক্ষণকারী ব্যক্তিরা শেষবেলায় এসে লাভবান হয়েছে।
উপজেলার নাটোর কোল্ডস্টোরেজের মহাব্যবস্থাপক খায়রুল বাসার বলেন, আলুর দাম বাড়ায় কিছু সংরক্ষণকারী সুবিধা করতে পেরেছেন। তবে দাম না বাড়লে অনেকে আলু হিমাগার থেকে তুলতেন না। এতে তাঁদের মোটা অঙ্কের লোকসান হতো।
উপজেলা কৃষি কর্মকর্তা শামস ই তাবরিজ জানান, গত মাসে কয়েক দিন ভারী বৃষ্টিপাত হয়। এতে অনেক এলাকার আগাম জাতের আলু ও সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে আলুর চাহিদা ও দাম বেড়েছে। শেষ সময়ে আলুর দাম পাওয়ায় এবারও তাঁরা আগের বছরের মতোই আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন বলে তিনি জানান।