অবশেষে ইউপি চেয়ারম্যানকে অপসারণ
অবশেষে দুর্নীতির দায়ে অভিযুক্ত দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রসুল ওরফে বাবুকে অপসারণ করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু তাহের মুহাম্মদ জাবের স্বাক্ষরিত ৬ জুলাইয়ের এক চিঠিতে ওই চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। দিনাজপুরের জেলা প্রশাসক এবং এলজিএসপি-২ (ফিল্ড অপারেশন) উপপ্রকল্প পরিচালককে ওই চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম ইউপি চেয়ারম্যান গোলাম রসুলকে অপসারণের সত্যতা নিশ্চিত করেছেন।
চিঠিতে জানানো হয়, স্থানীয় সরকার সহায়তা প্রকল্প-২-এর (এলজিএসপি) ২০১২-১৩ অর্থবছরে বরাদ্দ অর্থ থেকে ভুয়া প্রকল্প দেখিয়ে তিন লাখ এক হাজার টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
চেয়ারম্যান গোলাম রসুলের অনিয়ম ও দুর্নীতি নিয়ে গত ৩০ এপ্রিল প্রথম আলোয় ‘দুর্নীতির প্রমাণ, অনাস্থা, তবু বহালতবিয়তে চেয়ারম্যান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।