অবশেষে ঈদ বোনাস পেলেন আনসার সদস্যরা
বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম জেলার ১২ থানার মধ্যে ১০ থানার আনসার (অঙ্গীভূত) সদস্যরা অবশেষে ঈদ বোনাস পেয়েছেন। গতকাল শনিবার তাঁরা দুটির মধ্যে একটি বোনাসের অর্থ হাতে পান। অপর বোনাসের টাকা অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পেয়েছে। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে তাঁরা ওই টাকা পেয়ে যাবেন বলে রেলওয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র জানায়, ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, ভৈরব, লাকসাম, চাঁদপুর, আখাউড়া, সিলেট, শ্রীমঙ্গল, কুলাউড়া ও চট্টগ্রাম রেলওয়ে থানা নিয়ে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম জেলা। ওই ১২ থানায় ১৫০ জন আনসার সদস্য কর্মরত আছেন। অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় পাওয়া যায়নি বলে গেল ঈদুল ফিতরে বোনাস দেওয়া যায়নি। এ ঈদেও বোনাস পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় ছিলেন তাঁরা। গত ২৯ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘১৫০ আনসার সদস্যের ঈদ বোনাস অনিশ্চিত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হওয়ার পর অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড়ের ব্যাপারে তৎপর হয়। তবে দাপ্তরিক জটিলতার কারণে ময়মনসিংহ ও শ্রীমঙ্গল রেলওয়ে থানার ৪৪ জন আনসার সদস্যকে ঈদ বোনাস দেওয়া যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ব্যাংকিং জটিলতার কারণে দুই বোনাসের অর্থ একসঙ্গে পরিশোধ করা যায়নি।