অবশেষে উদ্ধার হলো হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই গাড়িটি ঢুকে পড়েছিল রাস্তার পাশে বশিরের ঘরে। বাসের চাপায় ঘুমন্ত বশির ও তাঁর স্ত্রী রেশমা মারা যান। গাড়ির নিচ থেকে রেশমার মরদেহ বের করার সময় ছিঁড়ে যায় তাঁর একটি হাত। কারণ, হাতটি গাড়ির চাকার নিচে চাপা পড়ে আছে। ছবি: শহীদুল ইসলাম
এই গাড়িটি ঢুকে পড়েছিল রাস্তার পাশে বশিরের ঘরে। বাসের চাপায় ঘুমন্ত বশির ও তাঁর স্ত্রী রেশমা মারা যান। গাড়ির নিচ থেকে রেশমার মরদেহ বের করার সময় ছিঁড়ে যায় তাঁর একটি হাত। কারণ, হাতটি গাড়ির চাকার নিচে চাপা পড়ে আছে। ছবি: শহীদুল ইসলাম

অবশেষে উদ্ধার হলো রেশমা বেগমের হাত। দুর্ঘটনার সাড়ে ১৬ ঘণ্টা পর আজ সন্ধ্যা ছয়টার দিকে বাসটি সরিয়ে নেওয়া হলে এর চাকার নিচ থেকে হাতটি উদ্ধার করা হয়। এরপরই তাঁর দাফনপ্রক্রিয়া শুরু হয়। হাতসহ লাশ নিয়ে যাওয়া হয় নগরের হেতেম খাঁ কবরস্থানে। সঙ্গে স্বামী বশির আহাম্মেদের লাশও নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী নগরের বহরমপুর রেলক্রসিং এলাকায় একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে টিনের ছাউনি দেওয়া একটি ছাপরাঘরে ঢুকে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে রেশমা বেগম ও তাঁর স্বামী বশির আহাম্মেদের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের উদ্ধার করা গেলেও বাসের চাকার নিচ থেকে টেনেহিঁচড়ে লাশ বের করার সময় রেশমার বাঁ হাতটি চাকার নিচেই থেকে যায়।

কেয়া পরিবহনের এই বাসটি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ছেড়ে আসে।

নিহত বসির আহাম্মেদ ও তাঁর স্ত্রী রেশমা বেগম।
নিহত বসির আহাম্মেদ ও তাঁর স্ত্রী রেশমা বেগম।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ প্রথম আলোকে বলেন, চেইন পুলির মাধ্যমে সন্ধ্যা ছয়টার দিকে বাসের সামনের চাকাটি উঁচু করে হাতটি বের করা হয়। এরপর হাতসহ লাশটি দাফনের জন্য পাঠানো হয়। আর সাতটার দিকে বাসটি রাস্তায় এনে রাখা হয়েছে।
আজ বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসের ধাক্কায় বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকা গুমটিঘর ভেঙে গেছে। রাস্তার পাশেই ছিল নিহত বশির আহাম্মেদের টিনের ছাউনি দেওয়া ছাপরাঘর। বাসের ধাক্কায় সেটিও তছনছ হয়ে গেছে। রাস্তার পাশে বসে বশির আহাম্মেদের তিন ছেলে মা-বাবার ছবি হাতে নিয়ে কাঁদছে।

বাসযাত্রী ফিরোজ কবির বলেন, রাত ১২টার দিকে কেয়া পরিবহনের বাসটি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ছেড়ে আসে। বাসটি রাত সাড়ে নয়টায় ছাড়ার কথা ছিল। বাস ছাড়তে দেরি হওয়ার কারণে চালক অসম্ভব দ্রুতগতিতে চালাচ্ছিলেন। রাত দেড়টার দিকে রাজশাহী নগরের বহরমপুর সিটি বাইপাস এলাকায় রেলক্রসিংয়ের দিকে মোড় নেওয়ার সময় চালক হঠাৎ করে বাসের গতি কমানোর জন্য ব্রেক করেন। বাসটি না ঘুরে ফুটপাতের ওপর দিয়ে একটি বাড়ির ভেতরে ঢুকে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এ সময় চালক লাফ দিয়ে বাস থেকে নেমে যান।

জানা গেছে, বাসের ধাক্কায় রেলওয়ের গুমটিঘর ভেঙে প্রহরী (গেটকিপার) রবিউল হাসান (৫৫) ও তাঁর স্ত্রী চাম্পা বেগম (৫০) আহত হয়েছেন। এই দুজন ও মানিক নামের বাসের এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া নিহত দুজনের লাশও মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুপুরে লাশ দুটি ঘটনাস্থলে কাছাকাছি একটি বাড়ির সামনে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: