অবশেষে উদ্ধার হলো কুঠিবাড়ির জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদখল হয়ে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ির সামনের ছয় একর ভূমি উদ্ধার করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে জায়গাটি বুঝে নেয় জেলা প্রশাসন।

সকাল সাড়ে সাতটার দিকে কুমারখালী উপজেলার ভূমি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় সেখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক মো. আমিরুজ্জামান উপস্থিতি ছিলেন।

ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়। এ উচ্ছেদ কাজে ৪০০ জন শ্রমিক প্রশাসনকে সহায়তা করেন।

এ ব্যাপারে জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, ১৯৯৯-২০০০ সালে এ জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে একজন দখলদার মামলা করেছিলেন। সম্প্রতি আদালত সরকারের পক্ষে রায় দিয়ে এখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আজ এ অভিযান চালানো হয়। এখান থেকে ২৮টি দোকান, দুটি বাড়ি ও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। 

কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে মামলা লড়ার পর আদালতের রায়ে কুঠিবাড়ির এ সম্পত্তি ফিরে পেয়েছে সরকার।