অবশেষে এইচএসসি পাস
অবশেষে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের সনদপত্র পেয়েছেন রাজবাড়ীর পাংশার মনিরুল ইসলাম। গত বছর কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় তিনি চূড়ান্ত ফলাফলে অকৃতকার্য হয়েছিলেন।
মনিরুল পাংশার আলহাজ আমজাদ হোসেন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কম্পিউটার অপারেশন বিভাগ থেকে ২০১৪ সালের এইচএসসি (সমমান) পরীক্ষায় অংশ নেন। পাংশা আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রে তাঁর পরীক্ষা হয়। পরীক্ষার ফলাফলে তিনি একটি বাদে সব বিষয়ে উত্তীর্ণ হন। শুধু ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য হন। পরে কলেজ থেকে পাঠানো নম্বরপত্রে দেখা যায়, তাঁকে ওই বিষয়ে ৫০ নম্বরের মধ্যে ৪৯ দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্র থেকে শুধু ব্যবহারিক পরীক্ষায় ৫ নম্বর দেওয়া হয়েছে।
এ বিষয়ে মনিরুল শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। গত ২ জানুয়ারি ‘ব্যবহারিক পরীক্ষার নম্বর না দেওয়ায় শিক্ষার্থী অকৃতকার্য’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। অবশেষে সংশোধনের পর ২১ মে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রকের কার্যালয় থেকে মনিরুলের হাতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের সনদপত্র তুলে দেওয়া হয়।