অবশেষে গতকাল বুধবার সকাল থেকে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজে (এন এস) একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে।
এন এস কলেজ সূত্র জানায়, অনলাইন ফলাফলে এন এস সরকারি কলেজের নাম না আসায় কয়েক হাজার শিক্ষার্থী বিভ্রান্তির মধ্যে পড়ে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আসার পর কলেজ কর্তৃপক্ষকে তিনটি বিভাগে (কলা, বিজ্ঞান ও বাণিজ্য) ৩০০ করে মোট ৯০০ শিক্ষার্থীকে একাদশ শ্রেণিতে ভর্তির অনুমতি দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত একটি তালিকা কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ফলাফলটি কেন্দ্রীয়ভাবে অনলাইনে প্রকাশ করা হয়নি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, জরুরি ভিত্তিতে বিশেষ ব্যবস্থায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ ব্যাপারে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কলেজে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গতকাল প্রথম আলোয় খবর প্রকাশিত হয়।