অবশেষে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের মধ্যে সারা দেশে আজ শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সকাল নয়টা থেকে পরীক্ষা শুরু হয়। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দেখা যায়, শত শত অভিভাবক বাইরে অপেক্ষা করছেন। তাঁদের একজন মঞ্জু রানী শীল। তাঁর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এক ধরনের টেনশন কাজ করছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
এ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের পরীক্ষার্থী সালেহ মাসরুর প্রথম আলোকে বলে, ‘কখন কোন পরীক্ষা হয়, বুঝতে পারছি না। খুব দুশ্চিন্তায় আছি।’
পরীক্ষা কেন্দ্র এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নিউমার্কেট এলাকার ট্রাফিক পরিদর্শক মশিউর রহমান বলেন, সকাল সাতটা থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মন্ত্রণালয়ের ও বোর্ডের কর্মকর্তারা সকালে ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামানের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতা-কর্মীকে ওই কেন্দ্রের সামনের সড়কে মহড়া দিতে দেখা গেছে। এর আগে গতকাল ছাত্রলীগের পক্ষ থেকে প্রশাসনকে নিরাপত্তায় সহায়তা করার ঘোষণা দেওয়া হয়েছিল।
সরকারি দলের সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনকে একদল নেতা-কর্মী নিয়ে ওই কেন্দ্রের বাইরের সড়কে অবস্থান করতে দেখা যায়।
আরও পড়ুন