অবশেষে ওয়্যারলেস সেট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনকে কুপিয়ে আহত করে ছিনিয়ে নেওয়া ওয়্যারলেস সেটটি ১২দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার নরসিংদীর শিবপুর উপজেলার শ্রীরামপুর গ্রাম থেকে ওই ওয়্যারলেস সেটটি উদ্ধার করা হয়। এ সময় নবাব মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২১ আগস্ট এসআই আলমগীর থানা থেকে বাসায় ঢোকার সময় ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত আলমগীরকে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে ওয়্যারলেস ও মুঠোফোন সেট ছিনিয়ে নেয়। ঘটনার পরদিন নাজমুল হোসেন, মোবারক হোসেন ও মুন্না মিয়া নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গত রোববার ভৈরব থেকে পৌর শহরের কমলপুর মহল্লার বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে বিল্লালের তথ্য অনুসারে শ্রীরামপুরে নবাবের শ্বশুরবাড়ি থেকে ওই ওয়্যারলেস সেট উদ্ধার ও নবাবকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার ঢাকার যাত্রাবাড়ীর দনিয়া থেকে উদ্ধার হয় মুঠোফোন সেট।