অবশেষে কক্সবাজারে আইসিইউ চালু
সংকটাপন্ন রোগীদের বাঁচানোর জন্য অবশেষে কক্সবাজার সদর হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্র বা ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ (আইসিইউ) চালু হলো। গতকাল মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে ভিডিও সম্মেলনের মাধ্যমে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
যন্ত্রপাতি আনার দীর্ঘ আট বছর পর এটি চালু হলো। এ উপলক্ষে কক্সবাজার সদর হাসপাতালের সম্মেলন কক্ষে গতকাল এক সভার আয়োজন করা হয়। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সাংসদ মুহাম্মদ ইলিয়াছ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরসি) অতিরিক্ত সচিব এস এম রেজুয়ান হোসেন, সিভিল সার্জন পু চ নু, কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী প্রমুখ। সাংসদ কমলের সঙ্গে কথা বলে মন্ত্রী নিবিড় পরিচর্যাকেন্দ্রের উদ্বোধন করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন পু চ নু বলেন, ছয় শয্যার এই নিবিড় পরিচর্যাকেন্দ্রের জন্য ইতিমধ্যে চারজন বিশেষজ্ঞ চিকিত্সক, চারজন নার্স ও চারজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। উদ্বোধনের পর দুই শয্যা দিয়ে কেন্দ্রের কার্যক্রম চালু হলো। পরে শয্যাসংখ্যা বাড়ানো হবে।
হাসপাতাল সূত্র জানায়, ২০০৮ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই সরকারি হাসপাতালে জরুরি ভিত্তিতে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও আইসিইউ স্থাপনের নির্দেশ দেওয়া হয়। সিসিইউ স্থাপনের জন্য একটি বহুতল ভবন প্রস্তুত করা হলেও কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস হওয়ায় সেই ভবনে আর সিসিইউ চালু হয়নি। হাসপাতালের চতুর্থ তলায় ছয় শয্যার আইসিইউ স্থাপনের জন্য তখন প্রায় তিন কোটি টাকার অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ করা হলেও জনবলসংকটের কারণে এত দিন ইউনিটটি চালু সম্ভব হয়নি। ২০১৫ সালের ১৮ এপ্রিল ‘সংকটাপন্ন পর্যটককে বাঁচানোর ব্যবস্থা নেই কক্সবাজারে’ শিরোনামে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রথম আলোর এই প্রতিবেদনটি জাতীয় টুরিজম বোর্ডেরও পুরস্কার পায়।
কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, জেলার কোথাও আইসিইউ চালু না থাকায় ভ্রমণে আসা পর্যটক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থানীয় সংকটাপন্ন রোগীদের বিপাকে পড়তে হচ্ছে। ঝুঁকি নিয়ে দেড় শ কিলোমিটার দূরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অনেকের মৃত্যু হচ্ছে। আইসিইউ স্থাপিত হওয়ায় চিকিত্সার ক্ষেত্রে কক্সবাজারে নতুন মাত্রা যোগ হলো।