অবশেষে কর্মকর্তা পাচ্ছে জাবরহাট উপস্বাস্থ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আড়াই বছর পর একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট উপস্বাস্থ্যকেন্দ্রে যোগ দিচ্ছেন। প্রেষণ শেষে নিজ কর্মস্থলে তাঁকে ফেরত পাঠানো হয়েছে। ওই কেন্দ্রের সিংহভাগ চিকিৎসক-কর্মচারীকে প্রেষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

 উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে জাবরহাট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের (পল্লী দাতব্য চিকিৎসালয়, আরডি) ও ১০ শয্যার মাতৃসেবা ইউনিটের অবস্থান। জাবরহাট, বৈরচুনা, সেনগাঁও ও দৌলতপুর ইউনিয়নের ২০-৩০ গ্রামের মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। স্বাস্থ্য বিভাগ ওই কেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা, স্যাকমো, ফার্মাসিস্ট, মিডওয়াইফ (ধাত্রী) ও পিয়ন এবং পরিবার পরিকল্পনা বিভাগ সেখানে স্যাকমো, এফডব্লিউভি, পিয়ন ও আয়া পদায়ন করেছে। কিন্তু ওই কেন্দ্রের সিংহভাগ চিকিৎসক-কর্মচারীকে প্রেষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ কেন্দ্রে পদায়নকৃত চিকিৎসা কর্মকর্তা (এমও) ফারহানাকে ২০১৪ সালের আগস্ট থেকে, স্যাকমো সারা হেমব্রমকে ওই বছরের জানুয়ারি ও মিডওয়াইফ (সেবিকা) সাজেদা আকতারকে গত সেপ্টেম্বর এবং ফার্মাসিস্ট মুকুল হোসেনকে ২০১৪ সালের জুলাই থেকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরিবারকল্যাণ কেন্দ্রের স্যাকমো সফিকুল ইসলামকে গত অক্টোবরে প্রেষণে সদর উপজেলার আখানগর পরিবারকল্যাণ কেন্দ্রে পাঠানো হয়।

 এ বিষয়ে গত শনিবার প্রথম আলোয় ‘হামার এলা কী হবে?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত রোববার কেন্দ্রটি পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুস্তম আলী। পরে স্যাকমো সারা হেমব্রমকে ওই কেন্দ্রে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুস্তম আলী গতকাল সোমবার মুঠোফোনে বলেন, ‘ওই কেন্দ্রের বিষয়ে সিভিল সার্জন আমাকে জানান। পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে থাকা স্যাকমো সারা হেমব্রমকে আজ (সোমবার) জাবরহাটে স্বপদে দায়িত্ব পালনের আদেশ দিয়েছি।’