অবশেষে কারাগারে সিলেটের সেই পলাতক ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতাউর রহমান
আতাউর রহমান

গত বছরের ১৭ জুলাই রাতে সিলেট নগরের নয়া সড়ক এলাকায় প্রাইভেট কার নিয়ে গিয়েছিলেন ব্যবসায়ী কামাল চৌধুরী। সেখানে একটি পোশাকের দোকানের সামনে গাড়িটি রাখা নিয়ে একদল পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল তাঁর। পরে ওসি আতাউর হাজির হয়ে তাঁকে থানায় নিয়ে বেধড়ক পেটান।
থানায় নেওয়ার পর ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে ওই ব্যবসায়ীকে আটক করা হবে জানালে তিনি নিজেকে ছাতক পৌর মেয়রের আপন বড় ভাই পরিচয় দেন। কিন্তু এতে আরও ক্ষিপ্ত হন ওসি। পরে আরও কয়েক দফা পেটান তাঁকে।
সিলেট কোতোয়ালি থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর অবশেষে কারাগারে ঢুকেছেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ওই নির্যাতনের অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত ও পরে প্রায় আট মাস ধরে পলাতক ছিলেন তিনি।
গতকাল সোমবার সকালে সিলেট মহানগর হাকিম (প্রথম) আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক শাহেদুল করিম জামিন নামঞ্জুর করে আতাউরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ইশতিয়াক আহমদ চৌধুরী আদালতের নির্দেশে তাঁকে জেলে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৭ জুলাই আতাউর রহমান সিলেট কোতোয়ালি থানার ওসির দায়িত্বে থাকাকালে তাঁর নেতৃত্বাধীন কোতোয়ালি থানার একদল পুলিশ পোলট্রি খামার ব্যবসায়ী কামাল আহমদ চৌধুরীকে নগরের নয়াসড়ক থেকে ট্রাফিক আইনভঙ্গের অভিযোগে আটক করে। তিনি সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর ভাই।
পরদিন আটক কামাল আহমদ চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাঁকে থানায় নিয়ে পুলিশি নির্যাতনের বিষয়টি প্রকাশ পায়। ওই ঘটনায় কামাল আহমদ চৌধুরীর ছোট ভাই ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শামীম আহমদ চৌধুরী বাদী হয়ে আতাউর রহমানকে প্রধান আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলায় কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল বণিক, কোতোয়ালি থানায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তাহের, কনস্টেবল অধীর চন্দ্র, রাজীব কান্তি দাস, আজাদুর রহমান ও নাজমুল হোসেনকেও আসামি করা হয়।
মামলার পরই গত ২৭ জুলাই অভিযুক্ত ব্যক্তিদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার পর থেকে প্রায় আট মাস ধরে আতাউরসহ সব আসামি পলাতক ছিলেন। বাকি আসামিরা এখনো পলাতক।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, পলাতক থাকায় সম্প্রতি আদালত থেকে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে প্রধান আসামি আতাউরের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেন আদালত। আতাউর চাকরিতে যোগদানের সময় যে ঠিকানা দিয়েছিলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার ওই ঠিকানায় গিয়ে পুলিশ তাঁর কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি খুঁজে পায়নি বলে ক্রোক করতে পারেনি।
আদালতে ওসির জামিন প্রার্থনায় অংশ নেন একাধিক আইনজীবী। আতাউর এত দিন কোথায় ছিলেন—এ সম্পর্কে আইনজীবী ইশতিয়াক আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘তিনি পলাতক ছিলেন। কোথায় ছিলেন, এ বিষয়ে আইনজীবীদেরও কিছু বলেননি।’